যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল কর্মী উজ্জল বিশ্বাস হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ঠা ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী কেশবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উজ্জল বিশ্বাসসহ চারজনকে আটক করে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।
যুবদল কর্মী উজ্জলের কাছ থেকে একটি রামদা, তিনটি হাঁসুয়া ও একটি চাপাতি পাওয়া যায়।
কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে উজ্জলকে কারাগারে আনা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন।
নথিতে উল্লেখ ছিল, তিনি পিটুনির শিকার হয়েছেন। তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাতের চিহ্ন ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
অভিযানে উজ্জলের সঙ্গে জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম এবং নতুনমূল গ্রামের রাসেলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু হয়।
