খালেদা জিয়ার মত মহৎ নেতা আর আসেনি, জুলাইয়ের প্রকৃত নেতা তিনিই: ফরহাদ মজহার

খালেদা জিয়ার মত মহৎ নেতা আর আসেনি, জুলাইয়ের প্রকৃত নেতা তিনিই: ফরহাদ মজহার
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ‘মহৎ নেতা’ আর আসেননি—এমন মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তার মতে, জুলাই আন্দলনের প্রকৃত নেতা ছিলেন খালেদা জিয়া; দল নয়, তরুণরাই তাকে মুক্ত করেছিলেন।

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’-এ তিনি বলেন, “বিএনপি তাকে মুক্ত করেনি। তিনিই জুলাইর নেতা।” একই সঙ্গে নিজের রাজনৈতিক মূল্যায়নে স্পষ্ট করেন—খালেদা জিয়ার সাফল্য ও জনপ্রিয়তা থাকলেও অতীতে র‍্যাব গঠন ছিল তার একটি গুরুতর ভুল।

এর পাশাপাশি বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব নির্বাচন না হওয়াকেও তুলে ধরেন তিনি। তার মতে, তরুণদের অংশগ্রহণে নতুন নেতৃত্ব বেছে নিয়ে দলকে পুনর্গঠনে এগোতে হবে বিএনপিকে।

জামায়াতে ইসলামী নিয়ে স্পষ্ট মত দেন ফরহাদ মজহার। তার বক্তব্য—দলটির ‘ইসলামি জাতিবাদী’ তত্ত্ব বাংলাদেশের রাজনীতিকে আবারও বাঙালি জাতিবাদী আওয়ামী লীগের দিকে ঠেলে দিতে পারে।

তিনি বলেন, “জামায়াত নাম বদলাতে চাইছে না। এই নামই বাঙালি জাতিবাদকে পুনরুত্থিত হতে সাহায্য করবে। ফলে আওয়ামী লীগ আবারও ফিরে আসার সুযোগ পাবে।”

জামায়াতের রাজনৈতিক অবস্থান ও মওদুদীবাদের তাত্ত্বিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, ইসলাম বৈচিত্র্যের পক্ষে; কিন্তু মওদুদীবাদ ও ‘ইসলামি জাতিবাদ’ সেই বৈচিত্র্যকে অস্বীকার করে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে তার মূল্যায়ন— নির্বাচনে যাওয়া তাদের জন্য ‘আত্মঘাতী’। অভ্যুত্থান ও সাংবিধানিক পরিবর্তনে ভূমিকা রাখার পরও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে স্থির না থেকে তারা বিদ্যমান ব্যবস্থাকেই বৈধতা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ফরহাদ মজহার বলেন, “নতুন রাষ্ট্র গঠনের দায়িত্ব তারা পালন করেনি। নির্বাচনে গেলে জনগণের কাছ থেকে সমর্থনও পাবে না।”

Visited 40 times, 1 visit(s) today