বায়ুদূষণে আবারও ঢাকা শীর্ষে: সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ু মিরপুর, পল্লবী, কল্যাণপুরসহ সাত এলাকায়

বায়ুদূষণে আবারও ঢাকা শীর্ষে: সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ু মিরপুর, পল্লবী, কল্যাণপুরসহ সাত এলাকায়
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আবারও বেড়েছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ২৩৪ স্কোর নিয়ে বিশ্ব শহরগুলোর দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে ঢাকা।

এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।

ঢাকা শহরের সাতটি এলাকায় বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়, যার স্কোর ২৫৮।

এরপর রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২৪৯), বেচারাম দেউড়ি (২৪৮), দক্ষিণ পল্লবী (২৪০), কল্যাণপুর (২৩৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৩) ও গোড়ান (২১০)।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি যার একিউআই স্কোর ৪০৪, যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত। তৃতীয় স্থানে আছে ভারতেরই কলকাতা; শহরটির বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় (১৯২), ইরানের তেহরান (১৮৯) ও পাকিস্তানের করাচী (১৮৯)এর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ঢাকার দূষণের প্রধান কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা—পিএম ২.৫এর মাত্রাতিরিক্ত উপস্থিতি। আজ সকালে ঢাকায় পিএম ২.৫ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের প্রায় ৩২ গুণ বেশি।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

Visited 14 times, 1 visit(s) today