পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে আত্মঘাতী হামলায় ব্যাপক হতাহত, তীব্র গোলাগুলি

পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে আত্মঘাতী হামলায় ব্যাপক হতাহত, তীব্র গোলাগুলি
শেয়ার করুন

সোমবার ভোরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) প্যারামিলিটারি বাহিনীর সদর দপ্তরে ব্যাপক আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্তত তিনজন আত্মঘাতী বোমারু ও কয়েকজন বন্দুকধারী মিলে এই সমন্বিত হামলা চালিয়েছে।

পেশোয়ার পুলিশ প্রধান মিয়াঁ সাঈদ আহমদ জানান, প্রথম আত্মঘাতী বোমারু এফসি কম্পাউন্ডের প্রধান গেটে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে প্রবেশের পথ করে দেয়।

এরপর আরেকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে। এতে অন্তত তিনজন এফসি সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ছয়জন সাধারণ নাগরিককে লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজি জুলফিকার হামিদ বলেন, “অন্তত দুটি আত্মঘাতী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনও কিছু সন্ত্রাসী ভেতরে আটকে থাকতে পারে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।”

পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ বাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এফসি চকের কাছ থেকে কালো ধোঁয়া উঠছে এবং তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুটি বিকট বিস্ফোরণের পর টানা গুলির শব্দ চলছে।

এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানি কর্তৃপক্ষের ধারণা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে এর যোগসাজশ রয়েছে। গত কয়েক মাসে খাইবার পাখতুনখোয়ায় টিটিপির হামলা বেড়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই “কাপুরুষোচিত” হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবে।” তিনি নিরাপত্তা বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন।

এই হামলার পর পেশোয়ারের সমগ্র সদর এলাকা লকডাউন করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

Visited 18 times, 1 visit(s) today