নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এতে ঢাকা ও আশেপাশের এলাকায় শিশুসহ অন্তত ৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়াও বিভিন্ন এলাকায় কিছু ভবন হেলে পড়ার খবরও জানা গেছে।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বাড়ি ও অফিসের সিসিটিটিভি ফুটেজে দেখা যায়, ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে ভবনগুলো, ভেতরে থাকা শোকেজ, আলমারি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ছিটকে পড়ার দৃশ্যও দেখা যায়।
লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে শুরু করেন। ঘর থেকে বেরোতে গিয়ে পড়ে আহত হওয়ার দৃশ্যও দেখা গেছে। রাস্তায় হঠাৎ যান চলাচল থমকে যায়, পথচারীরা ভীত-সন্তস্ত্র হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য খোলা স্থানে এসে দাঁড়ান, এমন অনেক ফুটেজ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
সর্বশেষ খবর অনুসারে, ভূমিকম্পে ঢাকাসহ আশেপাশের এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে তিনজন ঢাকার বংশালের কসাইটুলির অধিবাসী এবং একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা যান।
পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি ৮ তলা তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে। তখন ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানের সামনে থাকা থাকা ক্রেতা এবং পথচারীরা আহত হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভূমিকম্প শুরু হলে ১০ মাস বয়সী শিশু ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদের ওপর দেয়াল ধসে পড়ে। এতে শিশু ফাতেমা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা আহত হন।
খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে পাশের দোতলা একটি বাড়িতে একটি ইট এসে পড়ায় একজন আহত হন। বারিধারার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ছুটে যায়। তবে অগ্নিকাণ্ডটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়াও, ফায়ার সার্ভিস জানিয়েছে, সূত্রাপুর স্বামীবাগে ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়েছে। সূত্রাপুর স্টেশন থেকে কর্মীরা ঘটনাস্থলে গেছে। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো।
