নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প, যাতে রাজধানী কারাকাসসহ দেশের ব্যাপক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (২৪ জুন) ঘটা এই দুর্যোগে ভেঙে পড়েছে বহু বহুতল ভবন ও বাসগৃহ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২, যার উৎপত্তিস্থল ছিল সান ফেলিপের কাছাকাছি, কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার দূরে। এর কিছুক্ষণ পরই ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি।
ভূমিকম্পের পরপরই ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট রদ্রিগেজের বরাত দিয়ে নিশ্চিত হয়েছে অন্তত ৩২ জনের মৃত্যু এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে ইউএসজিএস তাদের পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করেছে, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে এমনকি ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ এবং ১ লাখ ছাড়ানোর শঙ্কা প্রায় ৩০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো নির্মাণবিধি অনুসরণ করে গড়ে তোলা ভবনগুলো (মূলত সত্তরের দশকের আগে নির্মিত) এই ক্ষতির বড় কারণ, কারণ সেগুলো নতুন ভবনগুলোর তুলনায় কম্পন সহনে দুর্বল।
কারাকাসের রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের দেয়াল ও সিঁড়ি ভেঙে পড়ার মতো ভয়াবহ দৃশ্য তারা দেখেছেন। ৮০ বছর বয়সী এক বাসিন্দা জানান, ১৯৬৭ সালের ভূমিকম্পের চেয়েও এবারের কম্পন অনেক বেশি ভয়াবহ ছিল।
ভূমিকম্পের পরপরই পুয়ের্তো রিকো, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এবং ভেনেজুয়েলা উপকূলের আরুবা, কুরাসাও ও বোনায়ার দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে প্রায় এক ঘণ্টা পর প্রত্যাহার করা হয়।
ভৌগোলিকভাবে ক্যারিবিয়ান প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিশ্চিত হয়নি।
