সিলেটজুড়ে আতঙ্ক: ৯ দিনে ১৫ লাশ উদ্ধার

সিলেটজুড়ে আতঙ্ক: ৯ দিনে ১৫ লাশ উদ্ধার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

টানা ৯ দিনে লাশের খবরেই কেঁপে উঠেছে সিলেট বিভাগ। কখনো মাজারের পুকুরে ভাসছে গলাকাটা মরদেহ, কখনো ঘরের তিরে ঝুলছে নববধূ। কেউ প্রাণ হারাচ্ছেন নামাজরত অবস্থায়, কেউ খুন হচ্ছেন নিজ বাড়িতে, আবার কেউ নিহত হচ্ছেন সড়ক দুর্ঘটনায়।

গত ৯ দিনে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জুড়ে উদ্ধার হয়েছে অন্তত ১৫টি লাশ—যার মধ্যে রয়েছে খুন, আত্মহত্যা ও দুর্ঘটনায় মৃতরা। এক সময়ের শান্ত সিলেট এখন যেন ভয়ের নগরীতে পরিণত হয়েছে।

প্রশাসন জানিয়েছে, প্রতিটি ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রী শাপলা আক্তার (২৫)কে খুন করে আদালতে আত্মসমর্পণ করেছেন স্বামী রাজন মিয়া। মঙ্গলবার (৪ঠা নভেম্বর) সন্ধ্যায় পুলিশ করড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে। সকালে রাজন আদালতে গিয়ে হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে ‘শ্রী গোবিন্দ জুয়েলার্স’ দোকানের ভেতর থেকে উজ্জ্বল বণিক (৪৫) নামে এক স্বর্ণকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দোকান মালিক সকালে এসে দরজা না খুলে সন্দেহ হলে বিকল্প চাবি দিয়ে খুলে ভেতরে তার নিথর দেহ দেখতে পান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে।

মঙ্গলবার (৪ঠা নভেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২রা নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সিলেটের শাহপরাণ (রহ.) মাজারের পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সুনামগঞ্জের মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহতের গলায় গভীর কাটা দাগ ও হাতে আঁচড়ের চিহ্ন রয়েছে।

শনিবার (১লা নভেম্বর) সকালে সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মো. হারুন মিয়া ও তার ১০ বছর বয়সী মেয়ে আনিছা বেগম ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য।

মৌলভীবাজারের রাজনগরে বিয়ের আগের রাতে জবা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১শে অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টার পর বিয়ের প্রস্তুতি চলছিল; কিন্তু হঠাৎই তিনি আত্মহত্যা করেন—তবে পরিবারে সন্দেহ রয়েছে এটি হত্যা হতে পারে।

শনিবার (১লা নভেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় জামালপুরের পর্যটক জিয়াউল হক (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন, যাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ সুরমার তেলিরাই গ্রামের আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে শুক্রবার সকালে তার নিজ বাসার ছাদে খুন করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সকালে সিলেটের জালালাবাদে নিজ বাড়ির পাশে খাইরুল ইসলাম (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

গোয়াইনঘাটে যুবক আল-আমীন হত্যাকাণ্ডে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হন। নিহতদের একজন জৈন্তাপুরের মুন্না (২০) ও অন্যজন বাহুবলের তাজুল ইসলাম (৪০)।

রোববার (৯ই নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রাম থেকে দুই সন্তানের জননী সানজিদা আক্তার নিপার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যা।

রোববার (৯ই নভেম্বর) ভোরে সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আব্দুল হান্নান ওরফে হানাই (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

শনিবার (৮ই নভেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে সাইদুল ইসলাম (২২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ই নভেম্বর) রাতে জৈন্তাপুরের পাখিটেকি এলাকায় চলন্ত সিএনজি থেকে পড়ে মো. হারুন অর রশিদ (৫০) মারা যান।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে শুক্রবার (৭ই নভেম্বর) জুমার নামাজ চলাকালে ছুরিকাঘাতে এক মুসল্লি খুন হয়েছেন। প্রধান আসামি রুশেল এখনো পলাতক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিটি ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও প্রমাণ সংগ্রহ করে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। কিছু ঘটনা দুর্ঘটনা হলেও কয়েকটি হত্যা বা রহস্যজনক মৃত্যু। অপরাধীরা আইনের আওতায় আসবে—এ বিষয়ে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

Visited 12 times, 1 visit(s) today