নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিকৃত ছবি প্রকাশ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মামলা করেছেন।
সোমবার শাহবাগ থানায় মামলা দায়েরের সময় তার সঙ্গে ছিলেন শিবিরপন্থী বলে পরিচিত ডাকসু নেত্রী উম্মে সালমা।
মামলার টার্গেটে রয়েছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান। শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানিয়েছেন, চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
মোনামী তার এজাহারে উল্লেখ করেছেন, তার ছবি বিকৃত করে ফেসবুকে অশালীনভাবে পোস্ট করা হয়েছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এসব ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তিনি মামলা করেন।
ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া জানিয়েছেন, মামলাটি ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে এবং যারা পোস্ট করেছেন বা শেয়ার করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
অভিযুক্তদের ঘনিষ্ঠ সূত্র বলছে, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী সমালোচনার কারণে অভিযুক্তরা আগে থেকেই নজরবন্দি ছিলেন, এবার তা ‘সাইবার অপরাধ’ আখ্যা দিয়ে চাপ তৈরি করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, সাইবার সুরক্ষা আইনকে ব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নতুন চাপ সৃষ্টি হচ্ছে।
