আন্তর্জাতিক
ডোনইয়েস্ক অঞ্চলের কৌশলগত শহর পোকরোভস্কের চারপাশে রাশিয়ার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করেছেন। তিনি বলেছেন, “পরিস্থিতি জটিল।”
সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দ্র সিরস্কি স্বীকার করেছেন যে, রাশিয়ান পদাতিক বাহিনী ওই এলাকায় মোতায়েন হচ্ছে এবং তিনি নিজেই সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার জন্য সামনের লাইন পরিদর্শন করেছেন।
তবে তিনি রাশিয়ার দাবি যে ইউক্রেনীয় বাহিনীকে পোকরোভস্কে “ব্লক করা” হয়েছে, তা “মিথ্যা প্রচার” হিসেবে উড়িয়ে দিয়েছেন।
পোকরোভস্ক শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি প্রধান পরিবহন ও সরবরাহ কেন্দ্র। শহরটি দখল করলে রাশিয়ার জন্য বাকি অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া সহজ হবে।
জেনারেল সিরস্কি টেলিগ্রামে জানিয়েছেন: “পোকরোভস্কে শত্রু পদাতিক বাহিনী, যুদ্ধে লিপ্ত হওয়া এড়িয়ে, শহরের ভেতরে অবস্থান পরিবর্তন করছে। আমাদের মূল লক্ষ্য হলো তাদের শনাক্ত করে ধ্বংস করা।”
তিনি আরও যোগ করেছেন, “পরিস্থিতি জটিল, তবে রাশিয়ার প্রচার যে ইউক্রেনীয় সেনারা পোকরোভস্ক ও কুপিয়ানস্কে ‘ব্লকড’ হয়েছে, তা সত্য নয়।”
রাশিয়ান বাহিনী প্রায় এক বছর ধরে পোকরোভস্ক দখলের চেষ্টা করছে। শহরটি দখল করলে তারা অঞ্চলের দুটি বড় শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দিকে এগোতে পারবে।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেন, পোকরোভস্ক হলো রাশিয়ার “মূল লক্ষ্য” এবং সেখানে তাদের সংখ্যা ইউক্রেনীয় সেনার চেয়ে আঠারো গুণ বেশি।
পোকরোভস্কের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সিবেলিন জানিয়েছে যে, “শহরটি দখলের লড়াই অত্যন্ত তীব্র ও গতিশীল পর্যায়ে পৌঁছেছে।”
একটি ইউক্রেনীয় পর্যবেক্ষণ সংস্থা ডীপস্টেট জানিয়েছে, রাশিয়ান বাহিনী ধীরে ধীরে শহরটিকে ঘিরে ফেলছে এবং ইউক্রেনীয় সরবরাহ পথ বিঘ্নিত করছে। তারা সতর্ক করেছেন, “পোকরোভস্কের পরিস্থিতি সংকটের প্রান্তে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
