“অবৈধ দখলদার ইউনূস গংদের” ষড়যন্ত্র ও অগ্নিকাণ্ডে প্রাণহানির প্রতিবাদে আওয়ামী লীগের বিবৃতি

“অবৈধ দখলদার ইউনূস গংদের” ষড়যন্ত্র ও অগ্নিকাণ্ডে প্রাণহানির প্রতিবাদে আওয়ামী লীগের বিবৃতি
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২০শে অক্টোবর ২০২৫: সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ এক বিবৃতি দিয়েছে। দলটি অভিযোগ করেছে যে “অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং” ষড়যন্ত্রমূলকভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা ধ্বংস করার পাঁয়তারা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউনূস গংদের এই পরিকল্পিত অপতৎপরতার লক্ষ্য হলো সুশৃঙ্খল ও উন্নয়নমুখী বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এবং জনগণের জীবনকে বিভীষিকাময় করে তোলা। আওয়ামী লীগ নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবৈধ দখলদার সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাদের উদাসীনতা, অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে অগ্নিকাণ্ডের পর আগুন নেভানো ও উদ্ধার তৎপরতায় গাফিলতি স্পষ্ট হয়েছে। পাশাপাশি সরকার নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নিজের ব্যর্থতা ঢাকতে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

আওয়ামী লীগ দাবি করেছে, এই অবৈধ সরকারের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতি ধ্বংস করা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং বিদেশি তাবেদার শক্তিকে প্রতিষ্ঠিত করা। এর মাধ্যমে তারা চায় বাংলাদেশ যেন মধ্যম আয়ের দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি না পায় এবং শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট হয়।

বিবৃতিতে বলা হয়, “এই অবৈধ দখলদার সরকারের কর্তাব্যক্তিরা অধিকাংশ বিদেশি পাসপোর্টধারী। তারা বিদেশি প্রভুদের নির্দেশে রাষ্ট্র পরিচালনা করছে। দেশ ধ্বংস হলে তারা বিকল্প জায়গায় চলে যাবে, কিন্তু আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে।”

আওয়ামী লীগ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী এই ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। দলটি জোর দিয়ে বলেছে, “প্রয়োজনে সবকিছু উজাড় করে দিয়ে হলেও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের ধারাকে রক্ষা করতে হবে।”

 

Visited 17 times, 1 visit(s) today