নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ‘সন্দেহজনক ঘোরাঘুরির’ দায়ে গ্রেপ্তার মার্কিন নাগরিক ও কথিত বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট এনায়েত করিম চৌধুরীর ‘দোসর’ আখ্যায় জ্যেষ্ঠ সাংবাদিক আজহার আলী সরকারকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান রিমান্ডের আদেশ দেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজহার আলীকে।
শনিবার তাকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ।
রিমান্ড আবেদনে বলা হয়, আজহার আলীসহ অজ্ঞাতনামা আসামিরা এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজস করে বিভিন্ন সময়ে দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির করছেন। বর্তমান সরকারকে উচ্ছেদ ককরতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং উচ্চপদস্থ লোকজন ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপনে সভা-সমাবেশও করেছেন তারা।
রাষ্ট্রপক্ষর আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আজহার আলীর ৭ দিনের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আসামিও আদালতের অনুমতি নিয়ে কথা বলেন।
তিনি আদালতকে বলেছেন, আজহার আলী একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে দুইবার দেখা করেছেন। এ কারণে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।
মামলায় বলা হয়, গত ১৩ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাঘুরি করছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার গাড়ি থামায়। কেন এখানে ঘোরাঘুরি করছেন, জানতে চাইলে তিনি পুলিশকে কোনো উত্তর দিতে পারেননি।
পরে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
এরপর বিভিন্ন গণমাধ্যমে এনায়েত করিমকে নিয়ে নানারকম সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে পুলিশের বরাতে দাবি করা হয় এনায়েত করিম মার্কিন নাগরিক, তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং তিনি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত।
এই মামলায় সম্পৃক্ত থাকায় তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদ এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
