নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি মেজর জেনারেল কবীর আহাম্মদের।
শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, ট্রাইব্যুনালের তিনটি মামলায় মোট ২৫ জন সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন আছেন এলপিআরে (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট), আর বাকী ১৫ জন এখনো সেনাবাহিনীতে কর্মরত।
মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও জানান, গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর সার্ভিসে থাকা এবং এলপিআরে থাকা মোট ১৬ কর্মকর্তাকে সেনাসদরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়। ৯ অক্টোবরের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ থাকলেও মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই সেনাসদরে সাড়া দেন।
তিনি বলেন, “১৫ জনকে সেনাসদরে এনে হেফাজতে রাখা হয়েছে। তারা আপাতত পরিবারের কাছ থেকে আলাদা রয়েছেন।”
কবীর আহাম্মদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, “৯ অক্টোবর সকালে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।”
