বিশেষ প্রতিবেদক
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে এসে ফটোগ্রাফার শহিদুল আলম বলেছেন, ‘ওরা আমার পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে।’
আজ ১১ই অক্টোবর, শনিবার রাজধানীর দৃকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শহিদুল আলমের দাবি, বিকেল সাড়ে ৪টার দিকে ইসরায়েলিরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। ১২ ঘণ্টা নৌপথ পাড়ি দেওয়া হয়। ২১০ নটিক্যাল মাইল দূরে বিকেল সাড়ে ৪টার দিকে আটক করে রাত সাড়ে ৮টার দিকে তারা তীরে পৌঁছান।
বন্দী অবস্থার বর্ণনায় তিনি বলেন, আমাদের তারা মানসিক নির্যাতন করেছে। তুরস্কের দুজনকে আমার সামনে টর্চার করা হয়। জাহাজ থেকে নামার সময় আমাদের তিনজন করে ধরে। আলী নামে একজন ছিলেন, তার গায়ে ফিলিস্তিনি পতাকা আঁকা শার্ট ছিলো—সেটি খুলতে বলে।’
শহিদুলের দাবি, তারা অবৈধ অনুপ্রবেশ করেছেন, এমন একটা ফরমে সাক্ষর নেওয়া হয়। আটক থাকা অবস্থায় তিনিসহ কয়েকজন অনশন করেছেন বলে জানান।
শহিদুল গণমাধ্যমকে বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের সব রেখে দিয়েছে, ওরা চোর, ছেঁচড়া চোর।’
শহিদুলের দাবি, ঘাটে যেখানে তাদের বসানো হয়েছে সেখানে আগে ইসরায়েলিরা প্রস্রাব করেছে।
সিলেটের এক সহযাত্রীর সাথে তার কারাগারে দেখা হয় বলে জানান। তিনি বলেন, “এখনও সবাইকে ছাড়া হয়নি।”
এসময় শহিদুল আরও বলেন, “অসাধারণ কিছু ব্যক্তি একত্রিত হওয়ায় আমরা আন্তর্জাতিকভাবে কিছু করার চিন্তা করছি। আমরা আবার যাবো এবং হাজারটা জাহাজ নিয়ে যাবো।”
