বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচন নিয়ে চরম বিতর্ক চলমান, নীলনকশার বিতর্কিত নির্বাচন বর্জন করেছেন বেশিরভাগ ক্রীড়া সংগঠক। কিন্তু যারা নির্বাচনে ছিলেন তাদের মধ্যেও সিন্ডিকেট হয়ে গেছে। রাজধানীর বনানীর অভিজাত হোটেল শেরাটনে ভোটের একদিন আগেই হয়ে গেছে রাতের ভোট।
শুক্রবার মধ্যরাতের পর বিসিবির আসন্ন কমিটির দায়িত্ব নিতে যাওয়া পরিচালকরা মিলিত হন শেরাটনে। আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদের উপস্থিতিতে সেখানে কম্পিউটার বুথ বসিয়ে নিয়ে নেওয়া হয় ভোট। অথচ আনুষ্ঠানিকভাবে ভোটের তারিখ ৬ অক্টোবর।
শেরাটনে শুক্রবার মধ্যরাতে একটি কক্ষ থেকে ২৪ থেকে ২৬ জন ভোটার তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেন। তার আগে এই ভোটারদের সবার সঙ্গে এই রাতে উপস্থিত সংশ্লিষ্ট প্রার্থীরা কথাবার্তা বলেন। ভোট কাকে কাকে দিতে হবে সেখানে নিয়ে আসা কাউন্সিলরদের বলে দেন বুলবুল। তাদের বারবার জানিয়ে দেন কোন নামগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। একই কাজ করেন ফারুক। এই দুজনেই দখলদার ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টার আশির্বাদপুষ্ট।
বিএনপি সমর্থিত তামিম ইকবাল ও তার প্যানেল এবারের নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর বিসিবির নির্বাচনের উত্তেজনা কমে যায়। ঢাকার ক্লাব কোটা থেকে ১২ জন হবেন বিসিবি পরিচালক, কিন্তু প্রার্থীই আছেন সেখানে মোটে ১৬ জন। সেই ১৬ জনের মধ্যেও কারসাজি করে ৪ জন বাদ দিয়ে একদম নিজেদের খাস ১২ জন ঠিক করা হয়েছে।
লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুৎফর রহমান বাদলকে এই রাতেই বাদ দেওয়ার পর তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। একইভাবে বাদ দেওয়া হয় মেজর (অব.) ইমরোজকে। তিনিও পরে ই-মেইল যোগে জানান তিনি ভোটে নেই।
এর বাইরে বাদ পড়েন ক্লাব কোটা থেকে নির্বাচনে নামা রাকিব উদ্দিন এবং একেএম আহসানুর রহমান মল্লিক রনিও। তবে এই দুজন বসুন্ধরা গ্রুপের চাকুরি করেন। তাদের গ্রুপের মালিকপক্ষের দুই প্রতিনিধি থাকায় তাদের সরানো ছিল সহজ। মূলত তাদের নির্বাচনে রাখাই হয়েছিলো ব্যাকআপ হিসেবে।
যারা হচ্ছেন বিসিবি পরিচালক: (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম (ঢাকা); আহসান ইকবাল, আসিফ আকবর (চট্টগ্রাম); আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান (খুলনা); মুখলেসুর রহমান (রাজশাহী); নূর-এ শাহাদাত (রংপুর); রাহাত শামস (সিলেট) এবং শাখাওয়াত হোসেন (বরিশাল)
রাতের ভোটে নির্বাচিত পরিচালক:
ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দিপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মকশেদুল কামাল, ফয়জুর রহমান ভূঁইয়া, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম এবং মেহরাব আলম চৌধুরী।
