স্বরাষ্ট্র উপদেষ্টার স্বীকারোক্তি: আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বীকারোক্তি: আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সহজে জামিন না পান, সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

সার্কিট হাউজে মতবিনিময় সভার কয়েক ঘণ্টা আগে নগরীর দামপাড়া এলাকায় মিছিল করেন ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। পরে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে এনে এক সাংবাদিক জানতে চান নির্বাচনের সময় কী হতে পারে।

জবাবে উপদেষ্টা বলেন, চট্টগ্রামে না শুধু আজকে ঢাকায়ও মিছিল হয়েছে। তাদের (মিছিলকারী) অনেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের আওতায় আনার পরেও অনেকে কিন্তু জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি এরা যেন আর সহজে জামিন না পায়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।

তিনি বলেন, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, প্রচুর মিছিল হবে। কিন্তু এই মিছিল তখন হবে না। তখন সবাই মিছিলের জন্য বেরিয়ে যাবে, অনেক মিছিল হবে কিন্তু এখন যারা ছোটখাটো মিছিল করে এগুলো হবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এক লাখের মত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য থাকার কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন মাঠে ত্রিশ হাজারের মত সেনাবাহিনী আছে, ওই সময় কিন্তু এক লাখের মত সেনাবাহিনী থাকবে, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে। আর আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্ট গার্ড আছে, র‌্যাব আছে, সর্বোপরি প্রশাসন তো রয়ে গেছে।”

উপদেষ্টা বলেন, নির্বাচনটা তো শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। জনগণ হল এখানে প্রধান। জনগণ যদি নির্বাচনের মাঠে নেমে যায়, তাহলে কেউ কিন্তু আর আটকাতে পারবে না। আর রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যদি একটা মতৈক্য হয়ে যায়, তাহলে সবার সুবিধা হয়।

কক্সবাজারে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের জন্য হুমকি কিনা, এক সাংবাদিকের এ প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, “রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা সজাগ আছি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারব, তত তাড়াতাড়ি আমাদের সমস্যা সমাধান হবে।

Visited 5 times, 1 visit(s) today