অতিরিক্ত মূল্যে পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনছে ইউনূস সরকার

অতিরিক্ত মূল্যে পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনছে ইউনূস সরকার
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমানোর নামে দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি করেছে ইউনূস সরকার। এ চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে ১ লাখ কোটি টাকার বেশি মূল্যের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করবে বাংলাদেশকে।

এই এক্সিলারেট এনার্জির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস–এর কারণে। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করে তিনি এই কোম্পানিতে যোগ দেন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে। এরপর থেকে বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম পিটার হাস। বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব পালনকালে দুই বছর পিটার ডি হাস দেশের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সরব হওয়ার পাশাপাশি একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইস্যুতে সরব ছিলেন।

বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার আগে বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের মার্চে ঢাকার দূতাবাসের দায়িত্ব নেন। চাকরি ছেড়ে দেন ২০২৪ সালের ২৩ জুলাই। গত বছরের জুলাই-আগস্টের জঙ্গি হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে তিনি তার দায়িত্বকাল শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭শে সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন। কিন্তু বাংলাদেশে তার কার্যক্রম শেষ হয়নি তখনো। মাত্র তিন দিনের ব্যবধানে ১লা অক্টোবর তিনি যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে।

পড়ুন: বাংলাদেশের সাথে আর্জেন্ট এলএনজির ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি: সম্ভাবনা ও অনিশ্চয়তা

সমালোচনার মুখে চুক্তি

ইউনূস সরকারের সময় এক্সিলারেট এনার্জির সঙ্গে নতুন এলএনজি সরবরাহ চুক্তি হওয়ার পর সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে—আন্তর্জাতিক দরপত্রে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তুলনামূলক বেশি দামে চুক্তি করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, গত বছরের নভেম্বরে এক্সিলারেট এনার্জির কাছ থেকে এলএনজি আমদানি অনুমোদন দেয় সরকার। এরপর ২০২৫ সালের ৮ই জানুয়ারি পেট্রোবাংলা যুক্তরাষ্ট্র থেকে ৩.৩৬ মিলিয়ন এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করে। এতে মোট ব্যয় ধরা হয় ৭৫২ কোটি টাকা। প্রতি এমএমবিটিইউ -এর দর ধরা হয়েছে ১৫.৬৯ ডলার, যা আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় গড়ে ২.৫ ডলার বেশি।

চলতি মাসের শুরুতে আবারও বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে এক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার ডি. হাস। দেশে আসার পর তিনি প্রথমে যান কক্সবাজারের মহেশখালীতে কোম্পানিটির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ)। এরপর ৩রা সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম–এর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বাংলাদেশের গ্যাস সরবরাহ বাড়াতে এক্সিলারেট এনার্জির ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পড়ুন: আবারও পিটার হাস কক্সবাজারে

১৫ বছরের সরবরাহ চুক্তি

সরকারি তথ্য অনুযায়ী, এক্সিলারেট এনার্জির সঙ্গে হওয়া এই দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কোম্পানিটি আগামী ১৫ বছরে সাড়ে ৮ বিলিয়ন ডলার (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে প্রায় ১ লাখ ৪ হাজার ৫৫০ কোটি টাকা) মূল্যের এলএনজি সরবরাহ করবে। এ সময়ে ২৩২টি কার্গো এলএনজি আসবে বাংলাদেশে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনার ক্ষেত্রেও এক্সিলারেট এনার্জিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়েও মার্কিন এই কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতের অন্যান্য পণ্য, বিশেষ করে ডিজেল আমদানির কথাও ভাবছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানান। এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক (এলএনজি ডিভিশন) প্রকৌশলী মো. শাহ আলম বলেন, “দেশের গ্যাস সংকট কমাতে সরকার এলএনজি আমদানিতে জোর দিচ্ছে। এর অংশ হিসেবেই মার্কিন কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে।”

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে আলোচনার সময় বাংলাদেশ আরও বেশি মার্কিন পণ্য কেনার ব্যাপারে নীতিগত সম্মতি দেয়। এ প্রেক্ষিতে ভবিষ্যতে কীভাবে এক্সিলারেট এনার্জির মতো মার্কিন প্রতিষ্ঠান থেকে এলএনজি আমদানি বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছিল পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠকে। জ্বালানি মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নীতিপত্রেও এই পরিকল্পনার উল্লেখ আছে।

চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল গত ২০২৩ সালের ২৩শে নভেম্বর, আওয়ামী লীগ সরকারের আমলে এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের বিশেষ বিধান অনুযায়ী। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ, জ্বালানি খাতের বিশেষ বিধানের অধীনে থাকা একাধিক চুক্তি বাতিল করলেও এটি করেনি। কারণ হিসেবে দাবি করা হয়েছে, মার্কিন এই কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে সেটি বাতিল করা যায়নি।

যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিশেষজ্ঞ জানান, আওয়ামী লীগ সরকারের সময় করা চুক্তিগুলো নিয়ে বিরোধীরা অপপ্রচার চালালেও আদতে চুক্তিগুলো ছিল বাংলাদেশের পক্ষে লাভজনক। ইউনূস সরকার এসব চুক্তি বাতিল করার অজুহাত খুঁজে পায়নি বলে বাতিল করতে চায়নি। তাছাড়া বাধ্যবাধকতা থাকে জিটুজি চুক্তিতে। যাতে সরকার বদলালেও চুক্তি থাকে অক্ষত। কিন্তু প্রাইভেট কোম্পানির সাথে চুক্তিতে এমন ক্লজ থাকে না।

চুক্তি অনুযায়ী, ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে পিটার হাসের এক্সিলারেট এনার্জি। প্রতিবছর গড়ে ০.৮৫ থেকে ১ মিলিয়ন টন (এমটিপিএ) এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে ২০২৬–২৭ সালে আসবে ২৮টি কার্গো। এরপর ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত প্রতিবছর ১৬টি করে কার্গো আসবে। এই চুক্তির আওতায় গড় বার্ষিক ব্যয় হবে প্রায় ৬০০ মিলিয়ন ডলার।

দীর্ঘমেয়াদি এই চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করছে এক্সিলারেট। ইতিমধ্যে তারা প্রায় ৬৩৭ মিলিয়ন ডলার মূল্যের ১৬টি কার্গো সরবরাহ করেছে। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিবছর ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের স্পট কার্গো সরবরাহ করার সম্ভাবনাও রয়েছে।

শুল্ক ঘাটতি কমাতে ঢাকার পরিকল্পনা

“বাংলাদেশ–মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যহীনতা নিরসনে জ্বালানি আমদানির সম্ভাবনা” শীর্ষক নীতিপত্রে বলা হয়েছে—শুল্ক ঘাটতি কমাতে দ্রুত কেনাকাটা বাড়ানোর সবচেয়ে বড় সুযোগ রয়েছে জ্বালানি খাতেই। বিশেষ করে এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য (অপরিশোধিত তেল, পরিশোধিত তেল, এলপিজি ইত্যাদি) এই খাতের প্রধান ভরসা।

নীতিপত্রের মূল সুপারিশ

নীতিপত্রে কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে:

  • বছরে পরিকল্পিত ৩.৮ মিলিয়ন টন জ্বালানি তেল আমদানিতে মার্কিন রিফাইনারিগুলোকে অন্তর্ভুক্ত করা।
  • মার্কিন গালফ কোস্ট রিফাইনারি থেকে ডিজেল ও জ্বালানি তেলের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি বা টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া।
  • বছরে অন্তত ০.২ মিলিয়ন টন মার্কিন ডিজেল আমদানি (প্রায় ১০০ মিলিয়ন ডলার) নিশ্চিত করা, যা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।
  • ক্রমবর্ধমান এলপিজি চাহিদা মেটাতে মার্কিন সরবরাহকারীদের সঙ্গে টেন্ডারের মাধ্যমে নতুন এলপিজি চুক্তি শুরু করা।

 

সবিশেষ

প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে দাবি করেন, ২০২৩ সালের ৭ই নভেম্বর এক্সিলারেট এনার্জির সাথে পেট্রোবাংলা এই ১ লাখ কোটি টাকার চুক্তি করেছে। যদিও এটা পুরোপুরি বিভ্রান্তিকর তথ্য।

১৫ বছরে ১ লাখ কোটি টাকার এলএনজি কেনার এমন কোনো চুক্তি হয়নি। জ্বালানী খাতে বা অন্য কোন খাতে দীর্ঘ মেয়াদী ব্যবসায়িক চুক্তিতে পণ্যের মূল্য উল্লেখ থাকে না। ১৫ বছর ধরে কোন পণ্যের মূল্য স্থির থাকে না। মূদ্রার বিনিময় মূল্যও পরিবর্তনশীল। এক্সিলারেট এনার্জির সাথে সম্পাদিত ক্রয় বিক্রয় চুক্তিতে উল্লেখ আছে পেট্রোবাংলা প্রতি বছর ০.৮৫ থেকে ১ মিলিয়ন টন এলএনজি কিনবে, যার সময় শুরু হবে জানুয়ারি ২০২৬ সালে। এক্সিলারেট এনার্জি ২০২৬ ও ২০২৭ সালে ০.৮৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। ২০২৮ থেকে ২০৪১ প্রতি বছর ১ মিলিয়ন টন সরবরাহ করবে।

চুক্তিতে কীভাবে এলএনজির মূল্য নির্ধারিত হবে তাও আছে। অন্য ধরনের জ্বালানী মূল্য যেভাবে নির্ধারিত হয়, এখানে সেভাবে হবে। সরবরাহের সময় বাজারে যে মূল্য থাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সাধারণত সেই মূল্যের চেয়ে কমই হয়।

২০২৩ সালের ৭ই নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরদিন ৮ই নভেম্বর এক্সিলারেট এনার্জি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জকে চুক্তির বিষয় জানিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে। এক্সিলারেট এনার্জি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি। তারা তাদের শেয়ারহোল্ডারদের এই তথ্য জানিয়েছে। ৮ই নভেম্বর সংবাদ প্রকাশের পর তাদের শেয়ারের দাম ১৫ ডলার থেকে ১৮ ডলারে উঠে যায়। আজ এক্সিলারেটের শেয়ার মূল্য ২৩.৭০ ডলার।

এর অর্থ, ১৫ বছরে ১ লাখ কোটি টাকার গ্যাস ক্রয়ের বিষয়টি বিভ্রান্তিকর। ১৫ বছর পর টাকার অংক কোথায় গিয়ে ঠেকবে, তা এখন থেকে বোঝা অসম্ভব।

Visited 29 times, 1 visit(s) today