আবারও পিটার হাস কক্সবাজারে

আবারও পিটার হাস কক্সবাজারে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও এনসিপির নেতাকর্মীদের কক্সবাজারে হোটেলে গোপন বৈঠকের আলাপের অবসান হতে না হতেই আবারও কক্সবাজারে অবস্থান করছেন হাস। গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেই আবার ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেছেন।

আজ ৩রা সেপ্টেম্বর, বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন পিটার হাস। কক্সবাজার জেলায় একদিনে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে সূত্র।

জানা গেছে, পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট হোপ এক্সিলারেট হাসপাতাল পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই হাসপাতালটি পিটার হাসের প্রতিষ্ঠানেরই একটি সহযোগী কার্যক্রম।

জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৫৮ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরে আসবেন।

উল্লেখ্য,গত বছরের জুলাই-আগস্টের জঙ্গি হামলা চালিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পর দায়িত্ব নেয় ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। ওই জঙ্গি হামলায় নেতৃত্বদানকারীদের নিয়ে গঠিত হয় কিংস পার্টি খ্যাত এনসিপি। আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর বছরপূর্তির সেই বিশেষ দিন- গত ৫ই আগস্ট এনসিপির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান। হোটেল সি পার্লে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যে পিটার হাস ও তার দেশের বিরুদ্ধে জুলাই-আগস্টের জঙ্গি হামলায় ইন্ধনের অভিযোগ রয়েছে।

কক্সবাজারে সেদিন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা অংশ নেন পিটার হাসের সাথে গোপন বৈঠকে। সঙ্গে জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রীও ছিলেন। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। ছড়িয়ে পড়ে অনেক ছবি-ভিডিও। যদিও ওয়াশিংটনের দাবি, পিটার হাস কক্সবাজারে যাননি। তবে এবার সব জল্পনা-কল্পনা কাটিয়ে পিটার হাস কক্সবাজারে প্রকাশ্য হলেন।

বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস। গত বছরের জুলাই-আগস্টের জঙ্গি হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে তিনি তার দায়িত্বকাল শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭শে সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন। কিন্তু বাংলাদেশে তার কার্যক্রম শেষ হয়নি তখনো। মাত্র তিন দিনের ব্যবধানে ১লা অক্টোবর তিনি যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। ইউনূস সরকার আন্তর্জাতিক দরপত্রের অপর প্রতিযোগি প্রতিষ্ঠানকে ডিঙিয়ে উচ্চমূল্যে এলএনজি সরবরাহের জন্য পিটার হাসের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করায় এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পিটার হাসের কোম্পানিটি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালও পরিচালনা করে।

পিটার হাসের নিয়োগের পর প্রতিষ্ঠানটি দাবি করে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে হাস দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে কাজ করেছেন। তার এ অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় এক্সিলারেট এনার্জি। সেই হিসেবে প্রতিষ্ঠানটির ব্যবসা বাড়াতে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন আলোচিত সাবেক এই কূটনীতিক। তাই ফরেন সার্ভিস থেকে অবসরে গেলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুযোগ হারাননি তিনি।

২০২২-২০২৪ সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে পিটার হাসের মাখামাখি ছিল দৃষ্টিকটূ এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রায়শ রাজনৈতিক বক্তব্য প্রদান এবং কূটনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে তৎপরতা চালানোর জন্য সমালোচিত হন তিনি। তার এসব তৎপরতার কারণে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে।

গত এপ্রিলের ঢাকা সফরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের বাণিজ্যিক কার্যক্রমবিষয়ক বৈঠকেও অংশ নেন পিটার হাস। সেখানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ সম্ভাবনা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন। সর্বশেষ সফরে পিটার হাস ড. ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এপ্রিলের পর গত শনিবার আবার ঢাকায় এসেছেন তিনি।

Visited 7 times, 1 visit(s) today