কানাডা প্রতিনিধি
বাংলাদেশে চলমান বিচারহীনতা, মব সন্ত্রাস, মুক্তিযোদ্ধাদের অবমাননা ও কারারুদ্ধ করার ঘটনার প্রতিবাদে কানাডায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় এক ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ-এর উদ্যোগে আয়োজিত এই সভায় উত্তর আমেরিকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও প্রবাসী সমাজের নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
সভায় সূচনা বক্তব্যে তাজুল মোহাম্মদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী, ত্রিশ লাখ শহীদ ও সম্ভ্রমহারা মা–বোনদের স্মরণ করেন।
তিনি বলেন, ‘শত শত বছরের আন্দোলন–সংগ্রামের পর বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে যথাসময়ে স্বাধীনতার ঘোষণা দেন। নয় মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ একটি স্বাধীন জাতি–রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় এবং রচনা করে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক সংবিধান। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর সেই অর্জন কেড়ে নিয়েছে পরাজিত শক্তি।’
তিনি হারানো স্বাধীনতা পুনরুদ্ধারে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রস্তাব পেশ করেন।
বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী বলেন, বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক, আর আজ তা পরিণত হচ্ছে অকার্যকর রাষ্ট্রে। নেই আইনের শাসন, চলছে ধর্ষণ, রাহাজানি, মব সন্ত্রাস। দেশ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সরকারের পতন গতকালই হওয়া উচিত ছিল।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, আজ সংবিধান ধ্বংসের মুখে। এ সরকার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চিহ্ন মুছে ফেলতে চাইছে। পাকিস্তানি সেনাধ্যক্ষ টিক্কা খান বলেছিল, ‘আমি মাটি চাই, দেশ চাই না’। আজকের অন্তর্বর্তী সরকার যেন মাটিও বিক্রি করছে, দেশও।
অধ্যাপক ড. সুধেন্দু বিকাশ দাস আক্ষেপ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে আমার দুই দাদুকে হারিয়েছি। আজ স্বাধীন দেশকে এ অবস্থায় দেখতে হবে তা ভাবতেও কষ্ট হয়।
চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নিপা বলেন, আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, পতাকা, সংবিধান ও জাতীয় সংগীত—এসবই অসাম্প্রদায়িক জাতিসত্তার প্রতীক। এগুলোর চর্চা ও বর্ণনা নতুন প্রজন্মকে গ্রহণ করতে হবে।
সভায় আরো বক্তব্য দেন— ভি. এ. জি সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক ড. আব্দুল আউয়াল, ড. সৈয়দ জাহিদ হোসেন, প্রবীণ রাজনীতিক আবুল কালাম আজাদ, সুশান্ত দাস প্রমুখ।
এছাড়া কানাডা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব দীপক ধর অপু, সাংস্কৃতিক কর্মী রঞ্জিত মজুমদার, মন্ট্রিয়ল উদীচীর সাধারণ সম্পাদক শর্মিলা ধর, সাংবাদিক সৈয়দা জোহরা শাম্মীসহ অসংখ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং সংস্কৃতিমনা মানুষ ভার্চুয়াল সভায় সংযুক্ত হন।
