ওয়েস্টিনে মার্কিন নাগরিকের মরদেহ, ময়নাতদন্ত ছাড়া দূতাবাসে- মিলছে না অনেক প্রশ্নের উত্তর

ওয়েস্টিনে মার্কিন নাগরিকের মরদেহ, ময়নাতদন্ত ছাড়া দূতাবাসে- মিলছে না অনেক প্রশ্নের উত্তর
শেয়ার করুন
❐ নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে টেরেন্স আরভেল জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মার্কিন দূতাবাসের দাবি, জ্যাকসনের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

গতকাল রোববার রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, টেরেন্স আরভেল জ্যাকসন নামে মার্কিন ওই নাগরিক গত ২৭শে আগস্ট হোটেল ওয়েস্টিনের একটি কক্ষ ভাড়া নেন। ঢাকার মার্কিন দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের কক্ষটি নেন। কিন্তু গত দুদিন ধরে তিনি কক্ষে অবস্থান করলেও কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এই বিষয়ে মার্কিন দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে মেডিকেল ইউনিটসহ দায়িত্বশীল কর্মকর্তাদের একটি দল এবং পুলিশের একটি দল যায়।

ওসি হাফিজুর বলেন, রোববার দুপুরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়। দূতাবাসের পক্ষে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা মৃতদেহটি পরীক্ষা করেন।

পরে ‘স্বাভাবিকভাবে মৃত্যু’ হয়েছে এমন সিদ্ধান্তে উপনীত হয়ে দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান, বলেন ওসি।

হোটেল সূত্র বলছে, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন। কিন্তু তাদের মতামতকে গ্রাহ্য না করে কিংবা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না দিয়ে দূতাবাস কর্তৃপক্ষ তড়িঘড়ি মরদেহটি নিয়ে যায়।

ওসি হাফিজুর রহমান বলেন, দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জ্যাকসন বাংলাদেশ ব্যবসায়িক কাজে এসেছিলেন। আর মার্কিন দূতাবাসের মাধ্যমে তিনি হোটেল ওয়েস্টিনে ওঠেন।

তবে এই জ্যাকসনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দূতাবাসের বরাতে পুলিশের ভাষ্য, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন জ্যাকসন। হোটেল ওয়েস্টিনে ৩০শে আগস্ট চেক-ইন করলেও জ্যাকসন এপ্রিলের শেষভাগ থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন।

তিনি কোথায় কোথায় গেছেন, কাদের সাথে ব্যবসায়িক সাক্ষাৎ করেছেন, চার মাস ধরে কী এমন ব্যবসার কাজ করছিলেন তিনি যে, তারকা হোটেলে অবস্থান করতে হচ্ছিল তাকে, কেন মার্কিন দূতাবাস তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি ‘স্বাভাবিক মৃত্যু’ আখ্যা দিয়ে নিয়ে গেলেন, এমন অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে।

হোটেল ওয়েস্টিনের একটি বিশেষ সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, টেরেন্স আরভেল জ্যাকসন সুঠাম দেহের অধিকারী ছিলেন, তাকে শারীরিকভাবে অসুস্থ কিংবা রোগাক্রান্ত মনে হয়নি। তার এমন মৃত্যুকে ‘স্বাভাবিক’ ভাবতে পারছেন না রুম সার্ভিস টিমের সদস্যরা। তবে এ নিয়ে মুখ খোলার বিষয়ে কড়াকড়ি নিষেধাজ্ঞা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

Visited 27 times, 1 visit(s) today