খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা
শেয়ার করুন
❐ নিজস্ব সংবাদদাতা

খুলনার রূপসা নদীতে খানজাহান আলী সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

গত রাত সোয়া ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মুখমণ্ডল ও ডান হাতে ছিল স্পষ্ট আঘাতের চিহ্ন। অবস্থাদৃষ্টে স্পষ্ট যে, ঘাতকরা তাকে খুন করে লাশ ফেলে দিয়ে গেছে সেতুর নিচে।

নিহত বুলু দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি খুলনার একাধিক জাতীয় দৈনিকে কাজ করেছেন। ছিলেন খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।

স্থানীয়রা জানান, সেতুর ২ নম্বর পিলারের বেসমেন্টে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় লবণচরা থানা পুলিশ ও নৌ পুলিশ। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে পিবিআই ও সিআইডির সদস্যরাও উপস্থিত থেকে আলামত সংগ্রহ করেন।

র‌্যাব, কোস্ট গার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নৌ পুলিশের এসআই বেল্লাল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টিশার্ট। তার মুখম-ল ও ডান হাতের অংশ ছিল মারাত্মকভাবে ক্ষতবিক্ষত।

পরিবারের ভাষ্য, তাকে নির্মমভাবে খুন করে নদীতে লাশ ফেলে রেখে গেছে ঘাতকরা।

এদিকে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সমাজ এখন নিরাপত্তাহীনতায় আছেন। প্রশ্ন উঠছে অস্বাভাবিক মৃত্যু নিয়ে। এই মৃত্যু নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বলছেন সাংবাদিক নেতারা। গত বছরের জুলাই-আগস্টের দাঙ্গার পর থেকেই গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। মবের শিকার হচ্ছেন সাংবাদিকরা।

বৈছা আন্দোলনের পর থেকে কয়েক শ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও গণমামলা, হামলা এবং হয়রানির ঘটনা বেড়ে চলছে।

এছাড়াও অনেক সাংবাদিককে চাকুরিচ্যুত হয়েছেন। টিভি ও পত্রিকা অফিস দখল হয়েছে। অব্যাহত হুমকি, নজরদারি ও ভয়ভীতির মধ্যে দিনাতিপাত করছেন দেশের সাংবাদিকরা। ইউনূস সরকার সমাজের অগ্রসর শ্রেণির মানুষ হিসেবে বিবেচিত সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হেনস্থা করছে বলে মনে করেন সাংবাদিক সমাজ।

বর্তমানে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরাও সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। অস্থির রাজনীতি, দুর্নীতির প্রতিবেদন এবং মানবাধিকার লঙ্ঘনের খবর সংগ্রহ করলেই তাদের ‘উসকানিদাতা’ বা ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করে মবের চেষ্টা করা হচ্ছে।

খুলনার সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলছেন, সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে। তারা এও বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Visited 6 times, 1 visit(s) today