ইউক্রেন যুদ্ধ থামাতে বাফার জোন প্রস্তাব নাকচ জেলেনস্কির

ইউক্রেন যুদ্ধ থামাতে বাফার জোন প্রস্তাব নাকচ জেলেনস্কির
শেয়ার করুন

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাফার জোন তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শুধুমাত্র যারা আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত বাস্তবতা বোঝেন না, তারাই বাফার জোন প্রস্তাব করতে পারেন।”

সম্প্রতি ইউরোপীয় নেতাদের মধ্যে একটি প্রতিবেদন উঠে এসেছে যেখানে ৪০ কিলোমিটার দীর্ঘ বাফার জোন গঠনের বিষয়টি আলোচনায় ছিল। তবে জেলেনস্কি দাবি করেন, ড্রোন প্রযুক্তি এখন যুদ্ধের চেহারা বদলে দিয়েছে এবং সামনের সারিতে ড্রোন হামলার ঝুঁকির কারণে ইতোমধ্যেই এক ধরনের “গ্রে জোন” বিদ্যমান। তিনি বলেন, “আজ আমাদের ভারী অস্ত্র একে অপরের থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে রাখা হয়, কারণ ড্রোন হামলায় সবকিছুই আঘাতপ্রাপ্ত হয়। এটাই এখনকার বাস্তব বাফার।”

তিনি আরও জানান, প্রস্তাবিত বাফার জোন কার্যকর হলে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে হতে পারে, যা তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, “রাশিয়া যদি আমাদের থেকে দূরত্ব বাড়াতে চায়, তবে তারা ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে আরও পিছু হটুক।”

এদিকে, রাশিয়া কূটনৈতিক আলোচনায় আগ্রহী নয় বরং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল নিচ্ছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের উদ্যোগে কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় অংশ নিতে “অনিচ্ছুক” এবং যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে।

গত বৃহস্পতিবার ভোরে কিয়েভে রাশিয়ার এক ভয়াবহ আক্রমণে ৬২৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এতে ২৩ জন নিহত হন। এ ঘটনায় ইউরোপীয় নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং মের্জ যৌথভাবে ঘোষণা দেন যে রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করা হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আন্দ্রি ইয়েরমাক নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, ওয়াশিংটনের সব শান্তি প্রচেষ্টা ইউক্রেনকে স্বাগত জানালেও, প্রতিবারই রাশিয়া তা বাধাগ্রস্ত করছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কায়া কাল্লাস জানিয়েছেন, ইউক্রেনকে সুরক্ষা নিশ্চয়তা দিতে হলে তা হতে হবে “দৃঢ় ও বিশ্বাসযোগ্য”। জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহে ন্যাটোর মতো প্রতিরক্ষা প্রতিশ্রুতির বিষয়ে আলোচনা চলবে, যা ইউক্রেনকে বাড়তি সুরক্ষা দেবে।

অন্যদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমাদের প্রস্তাবকে “একপাক্ষিক” বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা তখনই সম্ভব যখন রাশিয়ার নিরাপত্তা স্বার্থ বিবেচনায় নেওয়া হবে।

Visited 7 times, 1 visit(s) today