ঢাবি প্রতিনিধি। ২০শে আগস্ট, ২০২৫ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে সংগঠনটি।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন তানভীর আল হাদী মায়েদ। তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যান্য পদে লড়বেন যারা
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।
এছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাকে প্রার্থী করেছে সংগঠনটি।
সদস্য পদে প্রার্থী যারা
মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে তারা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আন্দোলনকে আরও জোরদার করবেন।
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
মঙ্গলবার বিকাল চারটায় শেষ হয় মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। তার আগেই ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন তাদের প্রার্থী তালিকা ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
