আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে ১০ নম্বরে চলে গেছে বাংলাদেশ। রোববার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর তারা বাংলাদেশকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে।
পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাঁচ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান দলটি তাদের রেটিং পয়েন্ট ৭৮-এ উন্নীত করেছে, যা বাংলাদেশের ৭৭ পয়েন্টের চেয়ে বেশি।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জেতার পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে উঠে এসেছিল। কিন্তু ২০১৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় তুলে নিয়ে শাই হোপের নেতৃত্বাধীন দলটি আবারও সেই অবস্থান পুনরুদ্ধার করল। প্রসঙ্গত গত মে মাসে দীর্ঘ ১৯ বছর পর প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিল টাইগাররা। অবনমন থেকে এক ধাপ উঠার পরই ফের তলানিতে ঠেকল তারা।
এই পরাজয়ের পর পাকিস্তানও পাঁচ নম্বরে নেমে গেছে, অন্যদিকে সর্বশেষ আইসিসি আপডেটে শ্রীলঙ্কা চার নম্বরে উঠে এসেছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের ওপরেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যথাক্রমে শীর্ষ তিনটি অবস্থানে রয়েছে।
