বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলের লক্ষ্য হিসেবে ট্রফি জেতাকে প্রধান অগ্রাধিকার দিচ্ছেন, কেবল শেখার প্রক্রিয়াকে নয়। তার মতে, শেখা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার মূল উদ্দেশ্যই হলো ফাইনাল খেলা এবং ট্রফি জেতা।
বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান বলেন, “শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব—এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট—সবার লক্ষ্যই ট্রফি জেতা।”
আগামী ৯ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয় ডারউইনের উদ্দেশে রওনা হবে। সেখানে তারা পাকিস্তান ‘এ’ দল, নেপাল জাতীয় দলসহ মোট ৬টি দলের বিপক্ষে খেলবে। সোহান মনে করেন, সব দলই শক্তিশালী এবং টুর্নামেন্টটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
তিনি বলেন, “অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান ‘এ’ দল আছে, নেপাল জাতীয় দল আছে। ওখানে যে দলগুলো আছে, যাওয়ার পর স্টাডি করার সুযোগ পাবো। আমার কাছে মনে হয় সব দলগুলোই ভালো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ।”
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচের সূচি:
১৪ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ (টিও, ডারউইন)
১৬ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম নেপাল (ডিএক্সসি, ডারউইন)
১৭ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পার্থ স্করচার্স (টিও, ডারউইন)
১৯ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম নর্দার্ন টেরিটরি স্ট্রাইক (ডিএক্সসি, ডারউইন)
২১ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম মেলবোর্ন স্টার্স (ডিএক্সসি, ডারউইন)
২৩ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স (ডিএক্সসি, ডারউইন)
২৪ আগস্ট: সেমিফাইনাল ও ফাইনাল (ডিএক্সসি, ডারউইন)
