এমন টানটান উত্তেজনার টেস্ট আগে কটা দেখছে বিশ্ব ক্রিকেট! এমন প্রশ্ন উঠতে পারে। বারবার রঙ বদলানো ম্যাচের কী অবিশ্বাস্য সমাপ্তি। ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরিতে প্রায় হারতে বসা টেস্টে দুর্দান্ত বোলিংয়ে করলেন মোহাম্মদ সিরাজ, আহত ক্রিস ওকস এক হাতে স্লিংয়ে বেধে নেমে গেলেন ইংল্যান্ডকে বাঁচাতে। কিন্তু লাভ হলো না। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতকে জেতালেন সিরাজ।
সোমবার ওভালে শেষ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে ভারত। ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিলো ৩৫ রান, ভারতের ৪ উইকেট। মোহাম্মদ সিরাজ দিনের শুরুতেই নিয়ে নে ২ উইকেট। ১৮ রান বাকি থাকতে প্রসিদ কৃষ্ণ ফেলেন নবম উইকেট। শেষ ব্যাটার হিসেবে এক হাত বেধে নেমে যান কাধে মারাত্মক চোট পাওয়া ওকস। তিনি ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে, তাকে আর বল মোকেবালা করতে হয়নি। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ম্যাচ শেষ করে দেন সিরাজ।
চতুর্থ ইনিংসের নাটকীয়তা:
৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে জো রুট এবং হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরির সুবাদে জয়ের কাছাকাছি চলে আসে। রুট ১৫২ বলে ১০৫ এবং ব্রুক ৯৮ বলে ১১১ রান করেন। কিন্তু এই দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পর ভারতের বোলাররা ম্যাচে ফিরে আসেন। ইংল্যান্ডের লোয়ার অর্ডারে আর কেউ বড় রান করতে না পারায় শেষ পর্যন্ত ৩৬৭ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৫টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৪টি উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষদিকে ইংল্যান্ড জয়ের আশা জাগালেও সিরাজ এবং প্রসিদ্ধের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সামনে তারা আর টিকতে পারেনি। এই রোমাঞ্চকর জয়ের ফলে ভারতীয় দল ২-২ ব্যবধানে সমতায় সিরিজ শেষ করল।
প্রথম ইনিংসের পারফরম্যান্স:
প্রথমে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয়। করুন নায়ারের ৫৭ এবং সাই সুদর্শনের ৩৮ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে ইংল্যান্ডের বোলারদের তোপের মুখে ভারতীয় ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ৫টি এবং জশ টাঙ ৩টি উইকেট শিকার করেন। এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৭ রান সংগ্রহ করে ২৭ রানের লিড নেয়। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাওলি ৬৪ এবং হ্যারি ব্রুক ৫৩ রান করেন। ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ৪টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৪টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স:
২৯ রানে পিছিয়ে থেকে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯৬ রান করে। তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে খেলেন ১১৮ রানের এক অনবদ্য ইনিংস। এছাড়া আকাশ দীপ ৬৬, রবীন্দ্র জাদেজা ৫৩ এবং ওয়াশিংটন সুন্দর ৫৩ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইংল্যান্ডের হয়ে জশ টাঙ ৫টি এবং গাস অ্যাটকিনসন ৩টি উইকেট নেন।
