নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) তিন কোটি টাকার প্রকল্প বিল ছাড়াতে চাঁদা দাবি ও তদবির করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের বিলুপ্ত কমিটির দুই সমন্বয়ক। পরে পুলিশ হেফাজতে নেওয়া হলে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় এবং লিখিত মুচলেকা দিয়ে ৩১শে জুলাই, বৃহস্পতিবার রাতে তারা ছাড়া পান।
আটক দুইজন হলেন— বরিশাল বিশ্ববিদ্যালয় বৈছার সদস্য সচিব সিরাজুল ইসলাম (২৪) এবং বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান (২৫)। তারা বৈছার বরিশাল ও ঝালকাঠি অঞ্চলের সক্রিয় সদস্য।
জানা গেছে, সিরাজুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দোগলচিড়া গ্রামের ফল ব্যবসায়ী নুরুল বাশারের ছেলে ও মেহেদী বরিশল শহরের কাকলীর মোড়ের মুদি দোকানি কালামের ছেলে।
এলজিইডি অফিসে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি এলজিইডি কার্যালয়ে একটি ব্রিজ ও সড়ক নির্মাণ প্রকল্পের বিল ছাড়াতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন বলে পরিচিত শাওন খানের পক্ষে এই বিল ছাড়াতে চাপ প্রয়োগ করেন সিরাজুল ও মেহেদী।
তাদের দাবি, প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং বিল দেওয়া না হলে তারা নির্বাহী প্রকৌশলীর কাছে জবাব চাইবেন।
তবে এলজিইডির নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর জানান, প্রকল্পের কাজ এখনো অসম্পূর্ণ এবং প্রকৃত ঠিকাদার ছাড়া বিল ছাড়ানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, “এই দুই যুবক বিল ছাড়ানোর জন্য বারবার চাপ দেয় এবং এক পর্যায়ে ঘুষের প্রস্তাবও দেয়।”
প্রকৌশলীর দাবি, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ছড়ানো হয় এবং বৃহস্পতিবার তারা ফের চাপ সৃষ্টি করতে এলে উপস্থিত বিএনপিপন্থী ঠিকাদাররা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রাজনৈতিক মধ্যস্থতায় আপসনামা
আটকের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় ছুটে যান স্থানীয় বিএনপি, এনসিপি, যুবদল ও ছাত্রদল নেতারা। সেখানে আলোচনায় বসে একপ্রকার আপসনামায় স্বাক্ষর করেন উভয় পক্ষ।
ওসির রুমে এলজিইডি কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায়, এবং ‘ভুল বোঝাবুঝির মীমাংসা হয়েছে’ মর্মে সাদা কাগজে যৌথ বিবৃতি দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। বৈছার স্থানীয় নেতারাও এই বিবৃতিতে স্বাক্ষর করেন।
পরে সাংবাদিকদের সামনে দুই সমন্বয়ক বলেন, “আমরা প্রকৌশলীর দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু সেখানে ভুল বোঝাবুঝি হয়েছে। সিনিয়র নেতাদের সামনে বিষয়টি সমাধান হয়েছে।”
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, স্থানীয় ঠিকাদারদের কাছ থেকে খবর পেয়ে দুজনকে থানায় আনা হয়। এলজিইডির পক্ষ থেকে অভিযোগ ছিল তারা দীর্ঘদিন ধরে অনৈতিক চাপ প্রয়োগ ও হয়রানি করছিল। তবে কোনও লিখিত অভিযোগ না থাকায় এবং রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সমাধান হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ব্রিজ ও সড়ক নির্মাণ প্রকল্পটি সাবেক এমপি আমির হোসেন আমুর ঘনিষ্ঠ জন শাওন খানের নামে অনুমোদিত বলে এলজিইডি সূত্রে জানা গেছে। তবে কাজের অগ্রগতি এবং বিল প্রক্রিয়া ঘিরে যে অনিয়ম ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে তা স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে তদন্তের বিষয়ে উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। প্রকৃত ঠিকাদার ছাড়া কাউকে বিল দেওয়া সম্ভব নয়।
