কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৩ সন্দেহভাজন জঙ্গি নিহত

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৩ সন্দেহভাজন জঙ্গি নিহত
শেয়ার করুন

আন্তর্জাতিক

কাশ্মীরের বিতর্কিত অঞ্চলের একটি জঙ্গলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধের সময় তিনজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীনগর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে দাচিগাম এলাকার জঙ্গলে “তীব্র বন্দুকযুদ্ধ”-এর সময় ওই তিনজন জঙ্গি নিহত হয়।

পুলিশ ইন্সপেক্টর জেনারেল বিধি কুমার বীরদি সাংবাদিকদের জানান, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান এখনো চলমান রয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।

এসোসিয়েটেড প্রেস স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। হিমালয় অধ্যুষিত এই অঞ্চলের একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে এবং অপর অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও, উভয় দেশই পুরো কাশ্মীর অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। ১৯৮৯ সাল থেকে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা দিল্লির শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। অনেক মুসলিম কাশ্মীরি পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়া অথবা স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে।

সোমবারের এই সংঘর্ষটি এপ্রিল মাসের ভয়াবহ বন্দুক হামলার পর অন্যতম বড় ঘটনা, যেখানে পহেলগাম পর্যটন শহরে ২৬ জন মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। ওই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হয়, যা তৃতীয় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল।

ভারতীয় সেনাবাহিনী মে মাসেও তিন সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা করেছিল বলে জানিয়েছে।

২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর থেকে অঞ্চলটিতে ক্ষোভ দানা বাঁধে। সেই সঙ্গে সরকার কঠোরভাবে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা দমন করে এবং বিদ্রোহ দমনে অভিযান আরও জোরদার করে।

কাশ্মীর উপত্যকায় সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা কমে এলেও পাহাড়ি অঞ্চলগুলিতে তা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Visited 2 times, 1 visit(s) today