মাগুরায় হিন্দু ব্যবসায়ীকে জবাই করে হত্যার পর রক্তমাখা ছুরিসহ যুবক আটক (ভিডিও)

মাগুরায় হিন্দু ব্যবসায়ীকে জবাই করে হত্যার পর রক্তমাখা ছুরিসহ যুবক আটক (ভিডিও)
শেয়ার করুন

মাগুরা শহরে সুজিত গুহ ভজন (৫৫) নামে এক নিরীহ কলা ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

গতকাল ২৬শে জুলাই, শনিবার রাত ১১টার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোহাম্মদ আবির হাসান নামে এক খুনিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ভজন গুহ চা খাওয়ার জন্য পশু হাসপাতাল পাড়ার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর স্থানীয় মুন্সী বাড়ির গলিতে তাকে গলাকেটে হত্যা করা হয়। এ সময় এলাকাবাসী রক্তাক্ত ছুরি হাতে এক যুবককে পালিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে রাত ১১টার দিকে সদর থানা পুলিশ ওই যুবককে আটক করে। এ সময় তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরিটি উদ্ধার করা হয়।

নিহত ভজন গুহর স্ত্রী অনিতা রাণী গুহ বলেন, আমার স্বামী একজন নিরীহ প্রকৃতির মানুষ। কারো সঙ্গে বিবাদ ছিল না তার। সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু তারপরও তাকে গলা কেটে হত্যা করা হলো।

তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি এ নারী।

তবে স্থানীয় সংখ্যালঘু পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় মোহাম্মদ হান্নানের পুত্র আবির হাসান এবং তার পরিবারের হিন্দুবিদ্বেষ দীর্ঘদিনের। প্রায়শ তিনি হিন্দু নারী-পুরুষদের উদ্দেশে গালাগাল ও কুৎসিত আচরণ করতেন। এ নিয়ে তার সাথে বহুবার বাদানুবাদ হয় হিন্দু পরিবারগুলোর। এমন বিদ্বেষ থেকে খুন করে থাকতে পারেন আবির হাসান, এমনটাই অভিমত তাদের।

তারা জানান, এর আগে গত বছরের ৫ই আগস্ট বিকেলে তিনি এলাকার স্বর্ণ ব্যবসায়ী ক্ষীরোদ কর্মকারকে হত্যার উদ্দেশে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেন। সে ঘটনারও কোনো বিচার হয়নি। পরবর্তী কয়েক মাসে তিনি স্থানীয় অনেক হিন্দুর ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। তবে, কেউ ভয়ে পুলিশে অভিযোগ দেয়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকেই ভজন গুহ নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আবির হাসান নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। একই সময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে।

এদিকে, আবির হাসানকে বাঁচানোর জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। তাকে পাগল প্রমাণের চেষ্টাও চলছে বলে জানা যায়। গ্রেপ্তারের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি হিন্দুদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করছেন পুলিশের সামনেই।

Visited 38 times, 1 visit(s) today