স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও প্রভাবশালী রেসলিং তারকা হাল্ক হোগান মারা গেছেন। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তার প্রকৃত নাম ছিল টেরি জিন বোলিয়া। ১৯৭৭ সালে পেশাদার কুস্তি জীবন শুরু করলেও ১৯৮৩ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (বর্তমানে WWE)-এ যোগদানের পর তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। তার স্বর্ণালী চুল, হ্যান্ডলবার গোঁফ ও “হাল্কাম্যানিয়া” স্টাইল তাকে কুস্তির ইতিহাসে একটি কালজয়ী চরিত্রে পরিণত করে।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে জরুরি সেবায় ফোন করা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ১১টা ১৭ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে।
হাল্ক হোগানের ম্যানেজার ক্রিস ভলো জানান, তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মারা যান। ইনস্টাগ্রামে তার পরিবার জানায়, “আমরা একজন কিংবদন্তিকে হারালাম। তার রেখে যাওয়া স্মৃতি বিশ্বের কোটি ভক্তের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।”
WWE এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে WWE হাফ অফ ফেমার হাল্ক হোগান মারা গেছেন। ১৯৮০’র দশকে তার অবদান WWE-কে বৈশ্বিকভাবে জনপ্রিয় করে তোলে।”
হাল্ক হোগান ছয়বার WWE চ্যাম্পিয়ন হন এবং আটবার রেসলম্যানিয়ার মূল ইভেন্টে অংশ নেন। ২০০৫ সালে তাকে WWE Hall of Fame-এ যুক্ত করা হয়। তার জীবনের অন্যতম স্মরণীয় লড়াই ছিল ডোয়েন ‘দ্য রক’ জনসন, ‘ম্যাচো ম্যান’ র্যান্ডি স্যাভেজ এবং আন্দ্রে দ্য জায়ান্টের বিপক্ষে।
তার মৃত্যুর খবরে কুস্তি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রেসলিং কিংবদন্তি রিক ফ্লেয়ার লেখেন, “আমি হতবাক। সে ছিল অসাধারণ এক প্রতিভা, বন্ধুবৎসল ও অনন্য পিতা।” আন্ডারটেকার বলেন, “রেসলিং জগৎ আজ একজন প্রকৃত কিংবদন্তিকে হারাল।”
সাম্প্রতিক বছরগুলোতে হাল্ক হোগান ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তিনি অংশ নেন এবং ট্রাম্প ২০২৪ লেখা একটি টি-শার্ট পরে মঞ্চে বক্তব্য দেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, “আজ আমি এক মহান বন্ধুকে হারালাম। হাল্ক হোগান ছিলেন MAGA দর্শনের প্রতীক—দৃঢ়, বুদ্ধিমান, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো—তার হৃদয় ছিল বিশাল।”
হাল্ক হোগান টেলিভিশন ও চলচ্চিত্রেও ছিলেন দারুণ জনপ্রিয়। ‘Rocky III’, ‘Suburban Commando’, ‘Mr. Nanny’, ‘Santa With Muscles’ এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। VH1-এর রিয়েলিটি শো ‘Hogan Knows Best’-এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও তিনি পরিচিত হয়ে ওঠেন।
তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কমুক্ত নয়। ২০১৫ সালে একটি বর্ণবাদমূলক মন্তব্যের অডিও ফাঁস হওয়ার পর WWE তাকে Hall of Fame থেকে বাদ দেয়। পরে ২০১৮ সালে ক্ষমা চেয়ে আবারও WWE-তে ফেরেন।
অসংখ্য অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত ১০ বছরে আমার প্রায় ২৫টি অস্ত্রোপচার হয়েছে। পিঠ, হাঁটু, কাঁধ—সব জায়গায় সমস্যা।”
তিনবার বিবাহিত হাল্ক হোগান, প্রথম স্ত্রী লিন্ডার সঙ্গে দুটি সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে ভক্ত ও ক্রীড়াপ্রেমীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলছেন, “সে হয়তো চলে গেছে, কিন্তু হাল্কাম্যানিয়া কখনো মারা যায় না।”
