নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত নিয়ে যে প্রচার চলছে, সেসবকে ‘গুজব’ আখ্যা দিয়ে এতে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি বলেন, “তথ্য লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই।“
আজ ২২শে জুলাই, মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বীর উত্তম এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড শেষে বিমানবাহিনী প্রধান সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, বিমানটা যখন পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটা খালি জায়গায় নামানোর চেষ্টা করেছিল। তারপরেও তার শেষ চেষ্টা সফল হয়নি। বিমানটা আছড়ে পড়েছিল বিল্ডিংয়ের উপরে। বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি সেটা বিলম্বিত হয়ে যায়, ফলে সে তার জীবন উৎসর্গ করেছে। একটু আগে আমরা তার জানাজা পড়লাম।
সরকারের পাশাপাশি বিমানবাহিনীও হতাহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিমান বাহিনী প্রধান।
তিনি বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের যা যা করা দরকার আমরা করব। ইতিমধ্যে গতকালই আমরা একটা উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তারা অতি শীঘ্রই তদন্ত করে বের করবে কি ঘটেছিল। তার ভিত্তিতে যদি কোন ভুল ত্রুটি থাকে আমরা ভবিষ্যতে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।
সাংবাদিকদের মাধ্যমে বিমান বাহিনী প্রধান দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশন কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভকে দুর্বল করে দেবেন না।
তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মত আমারও হৃদয় ভেঙে গেছে। আমার একটা জরুরী সফর ছিল, আমি ওই বিমানবন্দর থেকে আজকে সকালে দ্রুত চলে এসেছি। যখন সংবাদ পেয়েছি আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।
একটা অশান্তি বিরাজ করছে এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি বলেন, অনেক গুজব চলছে, এই গুজবে কান দেবেন না। আমাদের কাছে যখনই আহত ও নিহতের আপডেট আসছে সেটা আমরা সঙ্গে সঙ্গে আইএসপিআর এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে তথ্য লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই। কাদের কাছ থেকে লুকাবো? আপনারা আমাদের দেশের মানুষ, আমরাও এ দেশের মানুষ। দুর্ঘটনা দুর্ঘটনাই, আমরা চেষ্টা করছি এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে, তাহলে কারোরই ক্ষতি হবে না, আমাদের দেশের ক্ষতি হবে।
