বিসিবির গঠনতন্ত্র অমান্য করে উপদেষ্টা নিয়োগ দিলেন বুলবুল

বিসিবির গঠনতন্ত্র অমান্য করে উপদেষ্টা নিয়োগ দিলেন বুলবুল
শেয়ার করুন

দায়িত্ব গ্রহণের এক মাসও হয়নি। এরমধ্যেই বিতর্কে জড়িয়ে গেছেন বিসিবি সভাপতি ও সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করে উপদেষ্টা হিসেবে তিনজনকে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার জরুরি বোর্ড সভায় বসেন বুলবুল। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও শেখ মাহদিকে সভাপতির উপদেষ্টা কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। শাখাওয়াত ট্যুরিজম উপদেষ্টা, সামিকে ক্রিকেট উপদেষ্টা ও মাহাদিকে আইন উপদেষ্টা করা হয়েছে। বিসিবি উল্লেখ করে শাখায়াত হসপিটালিটি খাতের বিশেষজ্ঞ, সামি ক্রিকেট এনালিস্ট আর মাহাদি একজন ব্যারিস্টার।

বিসিবির গঠনতন্ত্রের ১৮ অনুচ্ছেদে লেখা আছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের খ্যাতনামা ক্রিকেটার/প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্য হইতে সর্বোচ্চ ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করিতে পারিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এই উপদেষ্টা কমিটির সদস্যগণের নিকট হইতে প্রয়োজনে উপদেশ ও পরামর্শ গ্রহণ করিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি প্রয়োজনে উপদেষ্টা কমিটির যে কোন সদস্যকে অথবা সকল সদস্যকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভায় উপস্থিত থাকিবার জন্য আমন্ত্রণ করিতে পারিবেন। তবে উপদেষ্টা কমিটির কোন ভোটাধিকার থাকিবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি প্রয়োজনে এই কমিটির যে কোন সদস্যকে অথবা সকল সদস্যকে যে কোন স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করিতে পারিতে।’

এখানে স্পষ্ট উল্লেখ আছে উপদেষ্টা হতে হলে খ্যাতনামা ক্রিকেটার/প্রখ্যাত ক্রিকেট সংগঠক হতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা তা নন। সামি একটি বেসিরকারি টিভি চ্যানেলে কাজের পাশাপাশি ইউটিউবে ক্রিকেট কন্টেন্ট বানান। বাকি দুজনের ক্রিকেটের সঙ্গে কোন সম্পর্ক নেই। এই ব্যাপারে কোন ব্যাখ্যাও দেননি বুলবুল।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের কথাতেই এই তিনজনকে বিসিবিতে ঢুকানো হয়েছে। ব্যারিস্টার মাহাদি জামাতের রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ।

Visited 23 times, 1 visit(s) today