নিজস্ব প্রতিবেদক
ইউনূস সরকারের আজ্ঞাবহ গুজবসেলের অপপ্রচার এবং নানাবিধ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৮ই জুন, রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৩৯) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে দেখা গেছে। সাধারণ যাত্রীর মতোই তিনি বিমানবন্দর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
জানা গেছে, বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাত ২টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।
তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন এবং কোনো প্রটোকল নেননি।
বিমান থেকে নামানোর সময় আবদুল হামিদকে হুইলচেয়ারে আনা হয়। তাকে এসময় শারীরিকভাবে দুর্বল দেখাচ্ছিল। মুখে মাস্ক, গায়ে শার্ট ও পরনে লুঙ্গি ছিল। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।
এর আগে, ৮ই মে দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে (টিজি ৩৪০) তিনি চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক রওনা দেন। তার বিদেশ যাত্রার খবর প্রকাশ্যে আসার পর এনসিপি ও সমন্বয়করা প্রতিবাদ করেন। অপপ্রচার করা হয় সর্বজন শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে।
বিভিন্ন গণমাধ্যম ফরমায়েশি ও মুখরোচক সংবাদ প্রচার করা হয় সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে। কোথাও কোথাও লেখা হয়- ‘চুপিসারে থাইল্যান্ডের পথে’ পালিয়ে গেছেন আবদুল হামিদ। আবার তখাকথিত ইউটিউবার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুজববাজরাও নানারকম গুজব ছড়ান। যার ওপর ভিত্তি করে বিমানবন্দর এবং ইমিগ্রেশনসহ বিভিন্ন দপ্তরের বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়।
এরইমধ্যে গত ১০ই মে ইউনূস সরকার ঘোষণা দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্টের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশত্যাগ করলেও আবদুল হামিদ দেশেই ছিলেন। প্রায় ৯ মাস পর তিনি গুরুতর অসুস্থতার কারণে জরুরি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যান। তাকে নিয়ে নোংরামি করে এনসিপি ও সমন্বয়করা। তাদের কর্মকাণ্ড তুমুল সমালোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্দা আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।
