চাঁদাবাজির দায়ে সেনাবাহিনীর হাতে আটক যুবদলের আহবায়ক

চাঁদাবাজির দায়ে সেনাবাহিনীর হাতে আটক যুবদলের আহবায়ক
শেয়ার করুন

ব্যুরো প্রধান, ফেনী

চোরাচালান ও চাঁদাবাজির দায়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন (৪৫)কে আটক করেছে সেনাবাহিনীর একটি টহলদল।

২৩শে মে, শুক্রবার মধ্যরাতে তাকে আটক করা হয়। ২৪শে মে, শনিবার সকালে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

স্থানীয়রা জানায়, ৫ই আগস্টের আগে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর ছত্রছায়ায় ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন। ৫ই আগস্টের পর ওই চেয়ারম্যানের সকল ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও অন্যান্য পলাতক আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর রক্ষার নামে বিপুল অংকের চাঁদা নেন জসিম। এ নিয়ে স্থানীয় বিএনপি- যুবদল নেতাদের সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়।

চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সীমান্তবর্তি মটুয়া থেকে তাকে সেনাবাহিনীর একটি টহলদল আটক করে। রাতেই জিজ্ঞাসাবাদ শেষে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে।

তিনি ছাগলনাইয়া পৌরসভার সীমান্তবর্তি ৮নং ওয়ার্ডের মটুয়ার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু, চিনি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, এক ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির বিষয়টি তদন্ত করতে গিয়ে সেনাসদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

Visited 77 times, 1 visit(s) today