মতামত।। হাক্কানী পাবলিশার্সের গোলাম মোস্তফা একজন প্রকাশক, আক্রমণের লক্ষ্যবস্তুর মূলে রয়েছে মুক্তিযুদ্ধ!

মতামত।। হাক্কানী পাবলিশার্সের গোলাম মোস্তফা একজন প্রকাশক, আক্রমণের লক্ষ্যবস্তুর মূলে রয়েছে মুক্তিযুদ্ধ!
শেয়ার করুন

কবির য়াহমেদ

মধ্যরাতে যে দুষ্কৃতিকারীরা ধানমন্ডিতে মব দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
মাসুদের জিম্মায় ছাড়া পেয়েছে আটক তিন দুর্বৃত্ত।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ অনিয়ন্ত্রিত ও এনসিপি পরিচালিত মব। এই মবের কারণে এরা প্রত্যেকেই একেকজন উজির-নাজির-রাজা-মহারাজা।
গত রাতে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখলাম, দুষ্কৃতিকারীরা পুলিশকে হুকুম দিচ্ছে গ্রেপ্তার করার। মামলা নাই, পুলিশের এমন জবাবে তারা মামলা করবে বলেও জানায়। তবে মামলা করেনি।
মামলা করব, এই যে ভাষ্য তাদের, এটা আরেক অরাজকতার প্রমাণ। অর্থাৎ এরা বুঝাতে চায় অভিযোগ না থাকলেও চাইলেই মামলা করা যায়, চাইলেই পুলিশকে চাপ দিয়ে কাউকে হয়রানি করা যায়।
এনসিপির হান্নান মাসুদ থানায় গিয়ে তিন দুষ্কৃতিকারীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনায় মব আরও বেশি উৎসাহিত হবে, এবং দেশে শৃঙ্খলা ফিরে আসার সকল সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে।
এরমাধ্যমে কি এটা প্রমাণ হয় না মাসুদই এখানে গডফাদার, মবের মাস্টারমাইন্ড? এরমাধ্যমে কি এই বার্তা যায় না, মব-বিশৃঙ্খলা-অরাজকতা যাই হোক, তাদেরকে বাঁচানোর প্রভাবশালী লোক আছে?
এখন যে অবস্থা দেশের, তাতে ‘জুলাই-বিপ্লবী’ শুনলেই মানুষ ভয় পায়। ‘জুলাই’ বাংলাদেশে অভিশপ্ত একটা শব্দ হওয়ার উপক্রম। এই অবস্থার জন্যে দায়ী এই জুলাই-আন্দোলনকারীদের মধ্যকার মবের মাস্টারমাইন্ড ও দুর্বৃত্তরা।
হাক্কানী পাবলিশার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছে। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে তারা; তারা প্রকাশ করেছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ১৪ খণ্ডের বই ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।
মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষ যারা তারা তো হাক্কানী পাবলিশার্সের গোলাম মোস্তফাকে নানা ট্যাগ দিয়ে আক্রমণ করতে চাইবে। তাদের এই আক্রোশ, মব, অরাজকতা চলছেই, এবং এসবের সরাসরি পৃষ্ঠপোষক কিংস পার্টি এনসিপি। এরা প্রমাণ করতে চায় বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তাই মুক্তিযুদ্ধও থাকবে না।
তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এরাই থাকবে না, কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে; থাকবেই।
হাক্কানী পাবলিশার্সের গোলাম মোস্তফা একজন প্রকাশক, কিন্তু তাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানোর মূলে রয়েছে এ মুক্তিযুদ্ধই!
Visited 137 times, 1 visit(s) today