নিজস্ব প্রতিবেদক
এবার রাজধানীতে সভা, সমাবেশ, শোভযাত্রা, মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের ক্ষেত্রে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞার পরিধি বাড়লো।
১৫ই মে, বৃহস্পতিবার ডিএমপি এক গণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীতে অবস্থিত বিচারপতির সরকারী বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ও জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ ফটক এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিউটের সামনে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ও গণ জমায়েত নিষিদ্ধ করা হলো। এই আদেশ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যাান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে আরেকটি গণ বিজ্ঞপ্তিতে গত ১০ই মে জনশৃঙ্খলা ও নিরাপত্তার কারন দেখিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
তাতে বলা হয়েছিল, “বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল। ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’’
গত বছরের ৫ই আগস্টের পর আজসহ কাছাকাছি এলাকায় মোট চারবার রাজধানীর নানা এলাকায় ডিএমপির এমন নিষেধাজ্ঞা এলো। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারা অনুযায়ী এর গত ২৫শে আগস্ট এবং ১৩ই মার্চ এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিলো ডিএমপি।
