নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৪ই মে, ২০২৫ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট দুইটি বন্ধের বিষয়ে গত জানুয়ারিতে চিঠি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। তবে সেই চিটি আমলে নেয়নি পিডাব্লিউডি। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানকে দপ্তরটির পক্ষ থেকে জানানো হলেও এ প্রসঙ্গে ইতিবাচক কোন সাঁড়া মেলেনি।
চলতি বছরের ২ জানুয়ারি নগর পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশল দফতরে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট দুইটি বন্ধের বিষয়ে চিঠি দেয় ঢাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট দুইটি বন্ধ করা প্রয়োজন। চিঠিতে আরো জানানো হয়, গেইটের শিকগুলো যেহেতু দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে, সেহেতু গেইটের শিকগুলোকে মোট স্টীল প্লেনসীট দিয়ে ঝালাই করে গেইট বন্ধ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

চিঠির পর নড়েচড়ে বসে পিডাব্লিউডি। প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানকে বিষয়টি অবহিত করা হয়। তিনি বিষয়টি দেখছেন বলে কর্মকর্তাদের নিজ কাজে মনোনিবেশ করতে বলেন। গণপূর্তের সচিবের দপ্তরের একাধিক কর্মকর্তা বিডিডাইজেস্টকে বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি ঢাবির অনুরোধের প্রেক্ষিতে উপদেষ্টা মহোদয়ের কাছে পিডাব্লিউডির বেশ কয়েকজন কর্মকর্তা আসেন। তখন উপদেষ্টা মহোদয় মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তাদের নিয়ে কথা বলছিলেন। তারা গেট বন্ধের জন্য উপদেষ্টাকে অবহিত করলে উপদেষ্টা বিষয়টি দেখছেন বলে তাদের নিজ কাজে মনোযোগ দিতে বলেন। পরে আর সেটি বন্ধ হয়নি।
এমনকি ঢাবি প্রশাসন থেকে একাধিবার নিজ উদ্যোগে উদ্যানের গেট তালাবদ্ধ করে দিলেও, গণপূর্ত মন্ত্রনালয়ের নির্দেশে একদিন পরেই সেই গেট খুলে দেয়া হয় বলেও অভিযোগ করেছেন ঢাবি প্রশাসনের কর্মকর্তারা।
উদ্যানের এই খোলা গেটের সুযোগে বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়েছে মাদকসেবী আর বহির্গতদের আড্ডা। গতকাল রাতে তেমনই কিছু বহির্গতদের হামলায় মৃত্যু বরন করেন সাম্য নামে এক ঢাবি শিক্ষার্থী। ঘটনার বিবরনে জানা যায়, হঠাত করেই কথা কাটাকাটির মাঝেই মোটরসাইকেল আরোহী একজন চাপাতি বের করে সাম্য’র পায়ে কোপাতে থাকেন। এই আঘাতে সাম্যর ডান পায়ের প্রধান রগ কেটে যাওয়ায়, অতিরিক্ত রক্তক্ষরনে মৃত্যু বরন করেন সাম্য।
উদ্যানে মাদক, ধারালো অস্ত্র নিয়ে হরহামেশাই যে কেউ ঢুকতে পারছে, এবং টিএসসি সংলগ্ন গেট খোলা থাকায় নিরাপত্তা শংকায় ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বেশ কিছু ঢাবি ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রাণপ্রিয় ঢাবি এখন যাত্রাবাড়ী, শনিরআখড়া বা মোহাম্মদপুরের মতো অপরাধিদের জন্য উন্মুক্ত। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত।
