নিজস্ব প্রতিবেদক | ১৩ই মে, ২০২৫
পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধুর মা।
গতকাল সকালে পৌরসভাধীন দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার এসআই শফিকুল ইসলাম।
নিহত মারুফ গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের নেতা। তার জানাজায় অংশগ্রহণকারী যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ও গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা মারুফকে শহীদ আখ্যা দিয়েছেন।
নিহত মারুফ পৌরসভাধীন শশদিয়া গ্রামের লিটন প্রামাণিকের ছেলে। তিনি গুপদ সংগঠন ছাত্র শিবিরের সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী।
জানা গেছে, সোমবার সকালে মারুফ রাজমিস্ত্রির কাজে দৌলতপুর নিবাসী সিদ্দিক মীরের বাড়িতে যান। সেখানে কাজ করার সময় গ্রিলে লাগোয়া বৈদ্যুতিক তারে শক খান। এ সময় তার বন্ধু মামুনের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেরে মারুফ মারা যায়। মামুনের মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনায় রেফার্ড করেন চিকিৎসক।
খবর পেয়ে সাঁথিয়া পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করেন থানা পুলিশ।
