জাতিসংঘের অনুরোধে বাংলাদেশ থেকে রাখাইন স্টেটে ‘মানবিক করিডর’ নিয়ে সরকারের চাপানউতোর চলছে। একে তো দেশের জনগণকে না জানিয়ে দেশের ভূখন্ড অন্যের হাতে তুলে দিচ্ছে, তার উপর সেটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার জন্য একের পর এক ক্যামোফ্লেজ ঘটাচ্ছে। যেমন নারী সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে ইসলামি দলগুলো বিশাল সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে। গতকাল তারা হুমকি দিয়ে বলেছে-‘হাসিনাকে তো ৪৫ মিনিট টাইম দিয়েছিলাম, আপনি (ড. ইউনূস) পালানোর জন্য ৫ মিনিটও পাবেন না’।
এখনও সরকারের বিবৃতি- “বাংলাদেশ নীতিগতভাবে সম্মত” বলবত আছে। এর বিপরীতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিবৃতি-“আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতিসংঘ বা অন্য কোনও সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডর’ নিয়ে কোনো আলোচনা করেনি সরকার!” আবার তার বক্তব্যকে পোক্ত করার জন্য তৌহিদ হোসেন বলেছেন-“ বাংলাদেশের স্বার্থেই মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকা যাবে না (The Irrawaddy)।“ সব বলবত।
উপদেষ্টা আরও বলেছেন-“আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছি যে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। মিয়ানমারের সাথে আমাদের সীমান্তের পুরো অংশ এখন অ-রাষ্ট্রীয় শক্তির নিয়ন্ত্রণে। সেখানে কেন্দ্রীয় সরকারের কোনও কর্তৃত্ব নেই (বিডিনিউজ২৪.কম)।”
তার মানে করিডর দেওয়া এখন আর ‘সম্ভাব্যতা’ নয়, ইতোমধ্যে নীতিগতভাবে দেওয়া হয়েছে, এবং সেখান দিয়ে রাখাইন রাজ্যের জন্য লজিস্টিক ডিসবাসমেন্ট চলছে। স্থানীয় বিভিন্ন সূত্র জানাচ্ছে শিলখালিতে খাদ্যশস্যসহ অন্যান্য সামগ্রী (হিডেন) মজুদ করা হয়েছে। শিলখালি, টেকনাফ অঞ্চলে গুমোট পরিস্থিতি। বিদেশি লোকজনের আনা-গোণা, সেনাবাহিনী, বিজিবি সদস্যদের ফিসফাস।
অথচ যে অর্জনের কথা (১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরৎ নেবে আরাকান আর্মি) বলে করিডর জায়েজ করেছিল সরকার, সে গুড়ে বালি। একজন রোহিঙ্গাও দেশে ফেরেনি, বরং নতুন করে লাখ দুয়েক শরণার্থী ঢুকেছে।
রামু সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের সব সদস্যকে অফিসারসহ সেনানিবাসের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৮ এপ্রিল তারিখে সেনানিবাসে কর্মরত একজন লেফটেন্যান্ট কর্নেল এই নির্দেশ জারি করেন। এই নির্দেশনায় পরিষ্কারভাবে বলা হয়েছে, ‘এখন থেকে কোনো কমান্ডিং অফিসার (CO) কিংবা ডেপুটি কমান্ডার (2IC) রামু সেনানিবাসের বাইরে যেতে পারবেন না—যদি না তারা সরাসরি GOC (General Officer Commanding) বা কক্সবাজার এরিয়া কমান্ডারের অনুমতি পান (নর্থইস্ট নিউজ)।“
এই আদেশ এমন এক সময়ে এসেছে, যখন ১০ম ডিভিশন মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি যে সামরিক অভিযান চালাচ্ছে, তাতে সহায়তা করার জন্য প্রস্তুত। এই সহায়তা হচ্ছে মূলত লজিস্টিক ও সরবরাহ (supplies) সহায়তা, যার কিছু অংশ ইতোমধ্যেই গোপনে শুরু হয়েছে।
এই নিষেধাজ্ঞার পেছনে আরেকটি বড় কারণ হতে পারে—সেনানিবাসে সম্প্রতি কিছু ‘সং.বে.দ.ন.শী.ল সরঞ্জাম’ আনা হয়েছে, যেগুলো একটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থেকে এসেছে। মিয়ানমারের খুব কাছাকাছি হওয়ায় এই সরঞ্জামগুলোকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই ধরনের চলাচল-নিষেধাজ্ঞা ১৭তম ও ২৪তম ডিভিশনের সদস্যদের উপরও জারি করা হয়েছে কারণ, এই ডিভিশনগুলোও আরাকান আর্মিকে সহায়তা দিতে ভবিষ্যতে কোনো না কোনো পর্যায়ে যুক্ত হতে পারে।
করিডোর রহস্যের কূল-কিনারা হওয়ার আগেই মিয়ানমারের রাখাইনে ‘স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্রের’ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। গত ২৭ এপ্রিল ঢাকায় জামায়াতে ইসলামী দলের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল। ওই বৈঠকেই জামায়াত মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্র গঠনের জন্য চীনের কাছে প্রস্তাব দিয়েছে। জামায়াতের পক্ষে বলা হয়েছে -“মায়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে জামায়াত চীনের সমর্থন চায়। সিপিসি প্রতিনিধিরা তাদের আশ্বস্ত করেছেন যে প্রস্তাবটি চীনা কর্তৃপক্ষের কাছে জানানো হবে।“ যদিও সফররত চীনা রাজনৈতিক দলের প্রতিনিধিদলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এই প্রস্তাবের পর পরই জামায়াতে ইসলামীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সরকার। বরং এই প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছে মিয়ানমার সরকার। “জামায়াত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সিপিসির সাথে যোগাযোগ করছে” বলে অভিযোগ করেছে মিয়ানমার।
মার্চ মাসে, ভারতের মিজোরাম রাজ্যের একজন সাংসদ চিন রাজ্যের একটি গোষ্ঠী চিনল্যান্ড কাউন্সিল পরিদর্শন করেন এবং তাদের নিয়ন্ত্রণাধীন সীমান্তবর্তী অঞ্চলগুলিকে ভারতে যোগদানের আহ্বান জানান।
প্রতিবেশী মণিপুর রাজ্যের আরেকজন সাংসদ ভারতের নিম্নকক্ষে সাগাইং অঞ্চলের কাবাও উপত্যকা পুনরুদ্ধারের প্রস্তাব করেছেন, নয়াদিল্লিকে এর প্রত্যাবর্তনের সম্ভাব্যতা যাচাই করার বা মিয়ানমার থেকে ক্ষতিপূরণ আদায়ের আহ্বান জানান।
এইসব বক্তব্যের জবাবে জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বিদেশী রাজনীতিবিদদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করতে পারে এমন ‘কন্সপিরেসি’ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেস (এএফপি)।
বাংলাদেশের আগবেড়ে ‘মানবিক করিডর’ দেওয়ার উদ্যোগ দেখে গত ১৩ এপ্রিল বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে সামরিক জান্তা সরকার। আরাকান আর্মিকে ‘সন্ত্রাসী সংগঠন’ অভিহিত করে বাংলাদেশ কেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এ নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমার। শেষ পর্যন্ত দেশটির জান্তা সরকার করিডর প্রশ্নে বিরোধিতা থেকে সরাসরি বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রীয় কমিটি (এনসিএসসিটি) এমএনডিএএ এবং টিএনএলএ সহ আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।
জেনারেল মিন অং হ্লাইং, ৫০তম রাখাইন রাজ্য দিবসের বার্তায় MNDAA এবং TNLA এবং AA-কে সশস্ত্র সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন- “তারা রাজনৈতিক টেবিলে এসে কেবল শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধান করতে পারে এবং আমরা তাদের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে সঠিক পথে পৌঁছানোর জন্য আহ্বান জানাতে চাই।“ তার এই আহ্বানে সাড়া দিয়ে ৩ ডিসেম্বর, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (MNDAA) ঘোষণা করেছে তারা চীনের মধ্যস্থতায় শান্তি আলোচনা করবে এবং তাদের সৈন্যরা যেখানে আছে সেখান থেকে গুলি চালানো বন্ধ করবে।
একইভাবে, ২৫ নভেম্বর, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) বিবৃতি জারি করে সীমান্তে স্থিতিশীলতা এবং যুদ্ধবিরতির জন্য চীনের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছে এবং সংঘাতের অবসান ঘটাতে সংলাপে বসা নিশ্চিত করেছে।
‘ঠুঁটোজগন্নাথ’ জাতিসংঘ আজ অবধি বিশ্বের কোথাও যুদ্ধ বন্ধ করতে পারেনি। তাদের ‘অন্যতম কাজ’ প্রায় ৩০ ভাগ আমেরিকান ফান্ড ব্যবহার করে দুনিয়াজুড়ে আমেরিকাবেইজড পশ্চিমা শক্তিগুলোকে ‘সেবা দান’ করা। জাতিসংঘ, আ.মে.রি.কা যে-ই ঘাটি-করিডর-প্যাসেজ-শান্তির জন্য গেঁড়ে বসা মানেই বিলিয়ন বিলিয়ন টাকা। বাংলাদেশ করিডর দিয়ে কোটি কোটি টাকা পাবে। যদিও সেই টাকার ভাগ ক্ষমতাসীনদের প্রথম সারিতেই বিলিবণ্টন হবে। জনগণের কপালে সেই ফুটো থালা আর বর্হিশত্রুর আক্রমণের ভীতি।
আ.মে.রি.কা আরাকান আর্মিকে মানবিক সহায়তার নামে পাঠাবে যু.দ্ধা.স্ত্র। করিডর দিয়ে লজিস্টিকের নামে মানবিক সাহায্য ও উ.ই.প.ন.স যাবে। বাংলাদেশ হবে ‘বেস ক্যাম্প’। জান্তা সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ৮০ হাজার রোহিঙ্গা ক্যাডারও প্রস্তুত করা হয়েছে হালকা প্রশিক্ষণ দিয়ে। চারটি প্রধান স.ন্ত্রা.সী রোহিঙ্গা গোষ্ঠীকে সশস্ত্র করা হয়েছে।
জুন্টা সেনাবাহিনী ঘোষিত তিনটি ‘সন্ত্রা.সী সংগঠন’-এর মধ্যে ডেডলি হচ্ছে আরাকান আর্মি। সেই আর্মি এখন বাংলাদেশকে ‘শশ্বুরবাড়ি’ ভেবে বসে আছে। তাই বাংলাদেশ সীমানা লঙ্ঘন করে জলকেলি, গান-বাজনা করছে দিনভর। রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ ‘আরসা’কে নিয়ে জুন্টাবিরোধী কোয়ালিশন করতে রাজি করানো হয়েছে।
আ.মে.রি.কা চাইছে ছক কষেই মিয়ানমার দখল করে ভেঙে টুকরো করে দেবে! তারপর বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান তিন গ্রুপ মারামারি কাটাকাটি করুক। দেশটা টুকরো হলে তাদের বাণিজ্য লাভ ঘটবে। ট্রিলিয়ন ডলারের বাণিজ্য। আর এসব দেখে আঙ্গুল চুষবে চীন-রাশিয়া-ভারত? এটা ভাবার কারণ নেই। মিয়ানমার যদি ভাগই হয় তাহলে চীন-রাশিয়া-ভারতও এক একটা অংশের দখল নেবে।
মিয়ানমার, থাইল্যান্ড, লাওস যেমন মাদক চোরাকারবারের কুখ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’, তেমনি মিয়ানমার, ভারত, চী.ন, রা.শি.য়া, আ.মে.রি.কা মিলে এই অঞ্চলের ‘পঞ্চপাণ্ডব’। এই পা.ণ্ড.ব.দের চার ‘পাণ্ডব’ মিলে সামরিক শাসনকবলিত মিয়ারমারকে ভেঙে টুকরো করে তার খনিজ হাতাতে চায়?
মনে রাখতে হবে সামরিক শক্তি বিচারে মিয়ানমার ৩৫তম এবং বাংলাদেশ ৩৭তম। অনেকের কাছে মনে হতে পারে ‘মাত্র দুই ধাপ ওপরে’! রিয়েলিটি হলো জুন্টা সেনাবাহিনী যে কেবল চার বছর আগে ক্ষমতা দখল করে লাগাতার প্রতিপক্ষ গ্রুপগুলোর সঙ্গে কনফ্রন্টেশনে টিকে আছে তাই নয়, মিয়ানমারের শাসনতন্ত্রে সব সময়ই সেনাবাহিনী বা ‘টাটমাডো’র ৩০ শতাংশ আসন সংরক্ষিত। অর্থাৎ ঐতিহ্যগতভাবে টাটমাডো যুদ্ধাবস্থার মধ্যেই বিরাজ করে।
ওদিকে যে আরাকান আর্মির সঙ্গে আমেরিকার কথামত বাংলাদেশ ‘আলগা প্রেম’ দেখাতে চলেছে তারা MNDAA, TNLA থেকেও হিংস্র এবং শক্তিশালী। তার পরও তারা কিয়াউকপিউ পোর্ট, সিটওয়ে পোর্ট এবং দাউই স্ট্রাটিজিক পোর্ট হামলা করে দখলের দুঃসাহস করেনি।
এই অঞ্চলের গোলকধাঁধাঁ কতটা ভয়াবহ?
ধরা যাক বাংলাদেশ আর্মির পাহারায় মানবিক সাহায্যের সঙ্গে ডেডলি উইপনস আরাকান আর্মির হাতে পৌঁছাল। তাদের সঙ্গে ‘আরসাসহ আরও তিনটি মুসলিম জ*ঙ্গি গোষ্ঠী ও CNF যোগ দিয়ে শক্তিশালী হয়ে কিয়াউকপিউ পোর্ট, সিটওয়ে পোর্ট এবং দাউই স্ট্রাটিজিক পোর্ট দখলের জন্য লড়াই জোরদার করল। তখন কী ঘটবে?
যেহেতু এই ফ্যাটাল ওয়ারের ‘প্লে গ্রাউন্ড’ বাংলাদেশে। যাদের সরাসরি কোনও দেশের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা নেই। তার পরও আ.মে.রি.কা বাংলাদেশের বন্ধু, কিন্তু বাংলাদেশ আক্রান্ত হলে এগিয়ে আসবে না। যেহেতু চী.নও বাংলাদেশের বন্ধু, অথচ তার এশটাবলিমেন্ট ঠেকাতে সে রাখাইনে বোমা ফেলবে। সেটা যে রাখাইনেই সীমাবদ্ধ থাকবে সেটা ভাবার কারণ নেই। ভা.র.তও বাংলাদেশের বন্ধু, অথচ তার এক্তিয়ারের সিটওয়ে পোর্ট রক্ষায় সেও আমেরিকা-আরাকান আর্মির জোটকে আক্রমণ করবে। আবার বাংলাদেশের ওপর ওই জোটের আক্রমণ হলে ঠেকাতে আসবে না। ভারতের সঙ্গে আরাকান আর্মির নিয়মিত যোগাযোগ হয়। সম্পর্ক বেশ ভালো। আবার রা.শি.য়া তার অন্যতম মিত্র মিয়ানমারকে আ.মে.রি.কা.বে.ই.জড জোটের আক্রমণ থেকে বাঁচাতে ড্রাইভ দেবে, এবং মিয়ানমার চীন-রাশিয়া-ভারতের সহায়তায় আরাকান আর্মির জোটকে এবং তাদের করিডরকে পোড়ামাটি নীতিতে আক্রমণ করবে।
আল্টিমেটলি কি দাঁড়াল? রাশিয়া-চীন-ভারত-মিয়ানমারের যৌথ আক্রমণ হবে আ.মে.রি.কা.র সহায়তায় গড়ে ওঠা আরাকান আর্মির নেতৃত্বে গড়ে ওঠা যৌথ বাহিনীর ওপর, যাদের আংশিক অবস্থান বাংলাদেশের ভূখণ্ড এবং চার-পাঁচটি মুসলিম জ*ঙ্গি গোষ্ঠীকে ট্রেনিং, অস্ত্র দিয়ে সহায়তাকারী পা.কি.স্তা.নের আই.এ.স.আই নীরবে কেটে পড়বে। এমনিতেই তারা ভারতীয় আক্রমণ কখন শুরু হবে সেটা ভেবে নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত এইসব মহাশক্তিধর দেশের মার খেয়ে ভূত হবে ‘হারাধনের শেষ ছেলেটি’-বাংলাদেশ।
এই মুহূর্তে বড় বড় রাজনৈতিক দলগুলোর কর্তব্য ছিল দেশ বাঁচাতে ইউনূসকে ঠেকানো। তারা তা করতে ব্যর্থ হয়েছে। ‘আমাদের আগে থেকে জানানো উচিৎ ছিল’, ‘আমরা রোহিঙ্গাদের জন্য আলাদা স্টেট চাই’, বলে মিনমিন করে অনুযোগ করছে। কড়া ভাষায় বলতে পারছে না, যেহেতু লাভের গুড় ষোল আনা বোঝা মুহাম্মদ ইউনূসের সরকার মানে তাদের নিজেদের সরকার।
টাটমাডো আর তার চিফ জেনারেল মিন অং হ্লাইং বিষয়ে বাংলাদেশের উপদেষ্টাদের হোমওয়ার্ক আছে বলে মনে হয় না। তাহলে তারা জানত হ্লাইং সম্পর্কে বিশ্বের অন্যতম ন্যরেটিভ- General Min Aung Hlaing is arguably ‘the most powerful man in the land’. Even foreign governments – including China and the US – appear unwilling to stand in his way!
এই যে করিডরের নামে দেশের একটা মহা গুরুত্বপূর্ণ অংশ বিদেশিদের কাছে ‘বি.ক্রি অথবা লি.জ’ দেওয়া হলো তা নিয়ে বিএনপির নেতৃত্বে ডেমোক্র্যাটিক দলগুলো, জামায়াতের নেতৃত্বে ইসলামিস্ট দলগুলো এবং ‘বৎসহারা গাভী’র দশা বামদের কতিপয় ভাষণবাজরা জোরালো কোনও বক্তব্য রাখেনি। কোনও পক্ষ সরকারকে এই আত্মবিধ্বংসী সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেনি। কে জানে তলে তলে আরও কোনও ‘মাদারির খেল’ চলছে কীনা?
আর সাধারণ মানুষ? গত কয়েক মাস ধরে ৭০/৭৫ টাকা দরে মোটা চাল কিনতে গিয়ে দিশেহারা মানুষের মাথায় এইসব জটিল গোলকধাঁধাঁ ঢুকবেই বা কেন? দিন এনে দিন খাওয়া মানুষদের বড় ভাবনা আগামীকাল কী করে চলবে? দেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগ ধসে পড়েছে। আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। দেশে আইনের শাসন নেই। আর এই মানুষগুলো জেনেই বা কী করবে? তাদের প্রতিনিধিত্ব করা দলগুলোই যেখানে ‘নির্বাচন-ডিসেম্বর-জুলাই-আগস্ট-১৪০০-৮০০-পাঁচ বছর-তিন বছর-আজীবন-মব-সংস্কার-সংবিধান জপতে জপতে নেশায় বুঁদ, সেখানে সাধারণ জনগণের ভাবাভাবিতে কার কি আসে-যায়?
………………….
মনজুরুল হক
জ্যৈষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
জ্যৈষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
Visited 67 times, 1 visit(s) today
