‘ইসকন জঙ্গি সংগঠন’ আখ্যায় চিন্ময় কৃষ্ণের ফাঁসির দাবি উগ্রবাদী জনতার

‘ইসকন জঙ্গি সংগঠন’ আখ্যায় চিন্ময় কৃষ্ণের ফাঁসির দাবি উগ্রবাদী জনতার
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৪ঠা মে, ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল করে এবং ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে ফাঁসির দাবি করেছে উগ্রবাদী জনতা।

রোববার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দিনভর শ্লোগান দিয়ে এই দাবি জানায় তারা। চিন্ময় কৃষ্ণকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। ঢাকার সুপ্রিম কোর্টের এ শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে সকাল থেকে নিরাপত্তা কড়াকড়ি করে পুলিশ।

এর মধ্যে সকাল ১০টা থেকে আদালত প্রাঙ্গনসহ সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে তৌহিদি উগ্রবাদী জনতা। এসময় চিন্ময়ের জামিন বাতিল করে ফাঁসি এবং ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ উল্লেখ করে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন উগ্রবাদী সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, গত ২৫শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১শে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার কথিত অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। এ মামলাতেই চিন্ময় কৃষ্ণসহ বাকিদের গ্রেপ্তার করা হয়।

এরপর গত ২২শে নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়।

এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫শে নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক আইনজীবীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে পাহাড়ের ওপর অবস্থতি আদালত প্রাঙ্গন থেকে নেমে রাস্তা পেরিয়ে অদূরে হরিজন সম্প্রদায়ের কলোনিতে প্রবেশ করে সংঘর্ষে লিপ্ত হন। সেখানে উভয়পক্ষের মারামারিতে আইনজীবী শিবির নেতা সাইফুল ইসলাম নিহত হন।

এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু। গত ২রা জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।

পরে ৪ঠা ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের নিষ্পত্তি করে হাইকোর্ট তাকে বুধবার জামিন দিয়েছিল।

Visited 53 times, 1 visit(s) today