আগের দিন বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শেষ সেশন পর্যন্ত ব্যাট করল তাদের প্রথম ইনিংসে। বাংলাদেশ থেকে তারা করল ৮২ রান বেশি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিকেলে ২৭৩ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইনিংস তিনশোর নিচে আটকে ৫২ রানে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া নাহিদ রানা নিয়েছেন ৭৪ রানে ৩ উইকেট।
আগের দিন বিনা উইকেটে ৬৭ রান নিয়ে নেমে প্রথম সেশনে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশন থেকে ঘুরে দাঁড়ায় তারা। ওপেনার ব্রায়ান বেনেটের ৫৭ রানের পর শন উইলিয়ামস করেন ৫৯ রান। শেষ দিকের ব্যাটাররাও গুরুত্বপূর্ণ রান বাড়ান দলটির হয়ে।
২২৩ রানে ৮ উইকেট পড়ার পরও তারা যোগ করতে পারে আরও ৫০ রান। যাতে ব্লেসিং মুজারাবানি (১৭) ও রিচার্ড এনগারাভা (২৮)। এর আগে কিপার ব্যাটার নিয়াশা মায়াভুর ৩৫ রানের ইনিংসও রাখে অবদান। ৮২ রানে পিছিয়ে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে বাংলাদেশ। ৮২ রানের ঘাটতি পুষিয়ে পরে জিম্বাবুয়েকে লিড দিতে হবে তাদের।
