নিজস্ব প্রতিবেদক | ১৭ই এপ্রিল, ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ই এপ্রিল, বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে, ১৫ই এপ্রিল, মঙ্গলবার এক নারী রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেন যে, ২০২৪ সালের ২২শে অক্টোবর নিজের বাসায় ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন ড. সুজন চৌধুরী। পরে, ৬ই নভেম্বর তিনি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী জানান, মামলার জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করা হলেও সুজন চৌধুরী তাতে সাড়া দেননি এবং নানা টালবাহানা করেন। এছাড়া, মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এই অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব জানান, “আমার কাছে একটি লিখিত অভিযোগ রয়েছে। যেহেতু বিষয়টি বর্তমানে বিচারাধীন, ভুক্তভোগীর অভিযোগ ও বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”
তবে ড. সুজন চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওই নারী আমাকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করছেন। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
এছাড়াও জানা গেছে, ড. সুজন চৌধুরীর বিরুদ্ধে নিজ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি, নারী শিক্ষার্থীদের হয়রানির একাধিক অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা প্রকাশ্যে আসেননি।
