৩ মাসে সোনার দাম কমেছে ৩ বার, বেড়েছে ১৪ বার

৩ মাসে সোনার দাম কমেছে ৩ বার, বেড়েছে ১৪ বার
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। সেই সঙ্গে দেশেও পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিয়মিত ওঠানামা করে থাকে। দেশে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। সংগঠনটি নিয়মিতই সোনার হালনাগাদ দাম প্রকাশ করে থাকে।

বাজুস চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) মোট ১৭ বার সোনার দাম পরিবর্তনের কথা জানিয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৪ বার; দাম কমানো হয়েছে মাত্র ৩ বার।

বছরের শুরুতে ১৫ই জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। তখন ভরিপ্রতি (২২ ক্যারেট) দাম হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ গত ২৮শে মার্চ সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস। এই দফায় দাম বাড়ার পরে সোনার দাম হয়েছে ভরিপ্রতি (২২ ক্যারেট) ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম। ফলে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম তিন মাসে ভরিপ্রতি সোনার দাম ১৮ হাজার ৪২৯ টাকা পর্যন্ত বেড়েছে।

এ ছাড়া বর্তমানে ২১ ক্যারেট মানের সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

সোনা বাংলাদেশে উৎপাদিত হয় না। দেশের বাজারে যে সোনা পাওয়া যায়, তার সবই আমদানি করা। ফলে বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও বাড়ে।

সর্বশেষ গত ৩১শে মার্চ পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে। প্রতি সপ্তাহেই সোনার দাম নতুন রেকর্ড গড়ছে। মূলত এ কারণেই বাংলাদেশ, ভারতসহ সব দেশের বাজারে সোনার দাম বাড়ছে।

Visited 70 times, 1 visit(s) today