নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আবেদুজ্জামান আমিরী নামে চট্টগ্রামের পটিয়া উপজেলায় দায়িত্বরত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে র্যাব।
১৯শে মার্চ, বুধবার রাতে পটিয়া থেকে গ্রেপ্তারের পর তাকে হালিশহর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশের পটিয়া উপজেলা প্রতিনিধি।
র্যাব-৭-এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, “বৈছা আন্দোলন চলাকালে হামলার অভিযোগে নগরের হালিশহর থানায় দায়ের করা একটি মামলার আসামি আবেদুজ্জামান আমিরী। এ মামলায় তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “আবেদুজ্জামান আমিরীকে পটিয়া থেকে র্যাব গ্রেপ্তার করে বুধবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছিল। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
মামলা প্রসঙ্গে পটিয়া প্রেসক্লাবের সদস্য ও কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি কাউছার আলম বলেন, “গত ৪ঠা আগস্ট পটিয়ায় সারাদিন আমাদের সঙ্গে দায়িত্ব পালন করছেন আবেদুজ্জামান আমিরী। ওইদিন দিনভর সংঘর্ষ হয়। পরদিন দৈনিক যুগান্তর ও পূর্বদেশ পত্রিকায় এসব ঘটনার সংবাদ তার নামসহ ছাপা হয়। বুঝতে পারছি না, তিনি পটিয়ায় থেকে হালিশহরে কীভাবে হামলা করেছেন। তাকে পরিকল্পিতভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে। পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
হালিশহর থানায় দায়ের করা মামলার বিবরণে বলা হয়, গত বছরের ৪ঠা আগস্ট আন্দোলন চলাকালে মামলার বাদী সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও তার ফুফাতো ভাই ঘর থেকে বের হলে সিআরবি তিন রাস্তা এলাকায় তাদের গুলি করা হয়। এতে তার ফুফাতো ভাই গুলিবিদ্ধ হন।
গত ২০শে আগস্ট হালিশহর থানায় করা মামলাটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর সবুর লিটনকে প্রধান আসামি করা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ করে সেখানে অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় ২৯ নম্বর আসামি করা হয়েছে আবেদুজ্জামান আমিরীকে।
