নিজস্ব প্রতিবেদক
বৈছা আন্দোলনের নেতারা ওয়াসায় দৈনিক মজুরিভিত্তিক বৈষম্যহীন নিয়োগ দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমজনতার দল। যারা এ ঘটনায় সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ ১৭ই মার্চ, সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সদস্যসচিব মো. তারেক রহমান।
দলটি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে এই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
মো. তারেক রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ওপর এত বড় আঘাত এর আগে কেউ করেনি। বিধিবহির্ভূতভাবে ১৫০ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়করা। কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন তারা কোটায় এই নিয়োগ বাগিয়ে নিয়ে জুলাইয়ের স্পিরিট নষ্ট করছেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগ দিয়েছেন বলে দাবি করেন তিনি। আরেক উপদেষ্টা নাহিদও ওয়াসায় সুপারিশ করে নিয়োগ দিয়েছিলেন।’
তিনি বলেন, শুধু এই দুই ছাত্র উপদেষ্টাই নয় নিয়োগ বাণিজ্যে নাম রয়েছে নুসরাত তাবাসসুমের, তৌহিদের, নাজমুলের। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি, ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা ও সমন্বয়করা। এটাও একটা কোটারি নিয়োগ। কোটার বিরুদ্ধে লড়াই করে এভাবে নিয়োগ আমরা মানতে পারছিনা।
ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ-অভ্যুত্থানের নৈতিকতা পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় আসিফ মাহমুদ ও তার পিএসকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নাহিদ ইসলামের বিরুদ্ধেও দুদক কর্তৃক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে তারেক আরো বলেন, ‘সচিবালয় ও সরকারি অফিস থেকে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের দ্রুত অপসারণ করতে হবে। সবিচদের দুই পাশে আমরা যে শিশুসচিব দেখি তাদের সরাতেই হবে। না হলে প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতা আসবেনা।
মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টার পদ হতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করে বন্দরের শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান তিনি।
এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে এসব দুর্নীতির ব্যবস্থা না নেওয়া হলে আমজনতার দল দুর্বার আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
