যশোরে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টা

যশোরে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

যশোরে চার বছর বয়সী শিশুকে জিম্মি করে, তার মায়ের গলায় ছুরি ধরে মাকে (২৬) ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত।

শিশু ও ওই নারীর আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এলে নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই নারী। ১৬ মার্চ, রোববার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদরের এক পল্লীতে এ ঘটনা ঘটে।

আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত ওই নারীর এক বোন জানিয়েছেন, একই এলাকার আলমগীরের ছেলে হাসানসহ তিন দুর্বৃত্ত রোববার তার বোনকে ধর্ষণের চেষ্টা করে। হাসান ওই নারীর ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে যেতো। রবিবারও এই পরিচয়ের সূত্র ধরে সে তার বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটিয়েছে।

এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিতে যায়। সাড়ে ৮টার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এ সময় ওই নারী রান্নাবান্না করছিলেন। সঙ্গী দুজন যাবার পরই ওই নারীর চার বছর বয়সী শিশুকে জিম্মি করে তার গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণে উদ্যত হয়।

এক পর্যায়ে ওই নারীর সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তিনি আর্তচিৎকার শুরু করলে এলাকার লোকজন এগিয়ে আসেন। যাবার আগে নারীর মুখের ভিতর কাপড় গুজে দিয়ে তার বাম হাতে ছুরিকাঘাত করে যায়। তার হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে।

শিশুটির গলায়ও ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল বলেন, আমি ওই নারীর বাসায় আছি। তার সঙ্গে কথা বরেছি। তার ছোট ভাইয়ের বন্ধু তার অপর দুই বন্ধুকে নিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

Visited 39 times, 1 visit(s) today