ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদের পিটুনিতে আহত সমন্বয়কসহ ৩ বৈছা নেতা হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদের পিটুনিতে আহত সমন্বয়কসহ ৩ বৈছা নেতা হাসপাতালে
শেয়ার করুন
জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাইক্রোস্ট্যান্ডের মালিক-শ্রমিকদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়কসহ ৩ নেতা আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার ১৬ই মার্চ রাতে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- বৈছা সমন্বয়ক ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খানের অবস্থা গুরুতর বলে দাবি বৈছা নেতাদের।

জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রো-স্ট্যান্ডে চলে আসে। পিছু নিয়ে স্থানীয়রা চাপা দেওয়া মাইক্রোবাসটিকে সরাইল মাইক্রো-স্ট্যান্ডে দেখে আটক করেন। সেখানে ক্ষতিপূরণ আদায় নিয়ে কথা কাটাকাটি চলছিল।

খবর পেয়ে বৈছা নেতারা সেখানে হাজির হন। সমন্বয়করা মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যেতে চাইলে মাইক্রো-স্ট্যান্ডের মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের দাবি, থানায় নিয়ে যাওয়ার নামে মাইক্রোবাসটির মালিকপক্ষ থেকে চাপ-হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন সমন্বয়করা। তাই তারা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষে বাগবিতণ্ডা হয়।

এ সময় সমন্বয়কদের সাথে আসা উত্তেজিত কর্মীরা হঠাৎ একটি ঢিল ছুড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রো-স্ট্যান্ডের শ্রমিকরা সমন্বয়কদের বেদম পিটুনি দেন। এতে অন্তত তিনজন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রো-স্ট্যান্ডের ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Visited 35 times, 1 visit(s) today