‘আমরা উইন খরমু’, বাংলাদেশে এসে বললেন হামজা

‘আমরা উইন খরমু’, বাংলাদেশে এসে বললেন হামজা
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় দলের কোন ফুটবলারকে নিয়ে এমন উন্মাদনা বিরল। হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে উন্মাদনার মূল কারণ তিনি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, কদিন পরই খেলতে চলেছেন বাংলাদেশের জার্সিতে। লাল-সবুজ জার্সিতে অভিষেকের আগে সোমবার বাংলাদেশে পৌঁছেছেন তিনি।

সোমবার শেফিল্ড ইউনাইটেডের এই তারকা যুক্তরাজ্য থেকে সরাসরি বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দুপুর ১২টার কিছু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হামজার দেশে পৌঁছানোর খবর জানানো হয়। বাফুফে জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে হামজা সিলেটে পৌঁছেছেন।

সিলেট বিমানবন্দর থেকে হামজা হবিগঞ্জের বাহুবলে তার বাবার গ্রামের বাড়িতে যাবেন। সেখানে তিনি এক রাত কাটাবেন। হামজাকে স্বাগত জানাতে বাহুবলের স্নানঘাট গ্রাম সেজে উঠেছে। তার বাড়ির ৪-৫ কিলোমিটার পর্যন্ত ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ তৈরি করা হয়েছে এবং আলোকসজ্জা করা হয়েছে।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হবে হামজার। এই ম্যাচের আগে তিনি ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এই ফুটবলার বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।’ (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

Visited 42 times, 1 visit(s) today