সংবাদ প্রতিবেদন
ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ভোর চারটার মধ্যে ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড-এ এই ঘটনা ঘটে। কারখানাটি গত বছর থেকে বন্ধ রয়েছে।
ম্যাগপাই গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক কায়ছার আলী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রথমে পাঁচজন দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দরজা খুলে ২০ থেকে ২৫ জন ডাকাতকে ভেতরে নেয়। ডাকাতরা গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাটারি, আইপিএস, ক্যাবল, এসি, মোটর, কম্পিউটারসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কারখানার সংশ্লিষ্টরা জানান, ডাকাতেরা লুটপাটের পর মালামাল একটি ট্রাকে তুলে ভোর চারটার দিকে কারখানার এলাকা ত্যাগ করে। এ সময় তারা কারখানার পাশে থাকা একটি দোকানেও লুটপাট চালায়।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ডাকাতদের সংখ্যা ৩০ থেকে ৩৫ জন ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
