আফগানিস্তানের নিজেদের হাতে কিছু ছিলো না। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও এমন এক সমীকরণ তাদের সম্ভবনা জিইয়ে রেখেছিলো যেটা কেবল খাতা কলমেই মেলে। সেটা মেলেনি। ম্যাচের মাঝপথেই ফয়সালা হয়ে গেছে ‘বি’ গ্রুপের সমীকরণ। আফগানিস্তানকে বিদায় করে অস্ট্রেলিয়ার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
করাচিতে শনিবার টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করা ইংল্যান্ড স্কোরবোর্ডে ৩০০ রান তুলে যদি অন্তত ২০৭ রানের ব্যবধানে জিততে পারত, তাহলেই কেবল রান রেটে দক্ষিণ আফ্রিকাকে টপকে যেতে পারত আফগানিস্তান। ইংল্যান্ড ১৭৯ রানে আটকে যাওয়ায় সেটা যেহেতু হচ্ছে না কাজেই আনুষ্ঠানিকভাবে প্রোটিয়াদের সেমি নিশ্চিত হয়ে যায়।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া আগেই পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে ছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুই দলেরই অর্জন সমান ৩ পয়েন্ট করে। তবে নেট রান রেটে আফগানদের (-০.৯৯০) চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা (+২.১৪০)। সেই সুবাদে ইংল্যান্ডের কাছে হারলেও তাদের সেমির হিসাব ছিলো আগে থেকেই সহজ।
সেমিতে ওঠা প্রোটিয়াদের সামনে এখন রয়েছে অন্য একটি সমীকরণ। এই ম্যাচ জিতলে ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে টপকে ‘বি’ গ্রুপের সেরা হবে তারা। ‘বি’ গ্রুপের সেরা দল সেমিতে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপদের বিপক্ষে।
