বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে করা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বারবার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই সাকিবের না থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, আর এসব প্রশ্নের উত্তরে শান্তকে বেশ বিরক্ত মনে হয়েছে। দুবাইতে ভারতীয় সাংবাদিকদের করা প্রশ্নেও তার মেজাজ ভালো ছিল না।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি না থাকলে যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তার অভাব বোধ হওয়া স্বাভাবিক। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে, যেখানে সাকিবের অবদান ছিল অনেক।
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে, শান্ত সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে এক ভারতীয় সাংবাদিক জানতে চান, “চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি টুর্নামেন্টে সাকিবের অনুপস্থিতি কি দলের জন্য চিন্তার কারণ নয়?” শান্ত সঙ্গে সঙ্গেই উত্তর দেন, “না, একদমই না।” এরপর তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
এর আগে, দেশ ছাড়ার সময় শান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাকিবের অভাব তিনি কতটুকু অনুভব করবেন। উত্তরে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “আমি জানি না আপনারা কেন এমন প্রশ্ন করছেন। আমরা সবাই জানি সাকিব ভাইয়ের গুরুত্ব। তাকে মিস করব, এটা স্বাভাবিক। তবে আমার মনে হয় না, এত বড় একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই বিষয়ে আলোচনা করা উচিত।”
সাকিব আল হাসান ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করার পর থেকে প্রায় প্রতিটি বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। নানা কারণে তিনি এই টুর্নামেন্টে নেই। তার বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা যার একটা। তবে তিনি মূলত দলে জায়গা পাননি রাজনৈতিক কারণ। এর আগে টেস্টে দেশ থেকে অবসর নিতে চেয়েও বর্তমান ক্ষমতাসীনদের বাধায় পেরে উঠেননি।
বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে সাকিবকে নিয়ে আলোচনা হলেও, শান্ত এবং তার দল এই বিষয়ে কথা বলতে খুব একটা আগ্রহী নয়। তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়, তারা এই প্রসঙ্গটি এড়িয়ে যেতে পারলে বাঁচেন।
